'আমার স্বামীকে ফিরিয়ে দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সন্তানসহ কুড়িগ্রামের দাশিয়ার ছড়া ছিটমহলের বাসিন্দা মেরিনা বেগম। ছিটমহল বিনিময়ের সময় স্ত্রী ও দুই শিশুসন্তানকে রেখে ভারত চলে যান মেরিনার স্বামী। ভেবেছিলেন ফিরে আসবেন, কিন্তু দুই বছরেও ফিরে আসতে পারেননি। ছবি: সফি খান
দুই সন্তানসহ কুড়িগ্রামের দাশিয়ার ছড়া ছিটমহলের বাসিন্দা মেরিনা বেগম। ছিটমহল বিনিময়ের সময় স্ত্রী ও দুই শিশুসন্তানকে রেখে ভারত চলে যান মেরিনার স্বামী। ভেবেছিলেন ফিরে আসবেন, কিন্তু দুই বছরেও ফিরে আসতে পারেননি। ছবি: সফি খান

‘আমার স্বামী ভয়ে ভারতে গেছে। আর আসতে পারছে না। দুই শিশুসন্তান নিয়ে সন্তান নিয়ে চরম দুঃখ-কষ্টে আছি।’ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের দাশিয়ার ছড়া ছিটমহলের বাসিন্দা মেরিনা বেগম। ছিটমহল বিনিময়ের সময় ভারতে মেরিনার স্বামী সরোয়ার হোসেন ও তাঁর আরেক ভাই মিজানুর রহমান ভারতে পুনর্বাসিত হন।

দাশিয়ার ছড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনিময়ের আগে ছিটমহলে দুটি দল ছিল। একটি হলো ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। আর অন্যটি ইউনাইটেড কাউন্সিল। একপক্ষ ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় চেয়েছিল, আরেক পক্ষ বিনিময় চায়নি। তারা চেয়েছিল, ভারতের কাছ থেকে করিডর। এ নিয়ে দুটি সংগঠনের মধ্যে শত্রুতা তৈরি হয়। এক পক্ষ অপর পক্ষকে নানা ভয়ভীতি দেখায়। ছিটমহল বিনিময়ের সময় অনেকে ভয়ে এবং অনেকে লোভে ভারতে চলে যান। তাঁদের ধারণা ছিল, পরিস্থিত স্বাভাবিক হলে তাঁরা আবার ফিরে আসতে পারবেন।

মেরিনা বলেন, দুই দলের মধ্যে রেষারেষি ছিল। ছিটমহল বিনিময়ের ঘোষণার পর সমন্বয় কমিটির লোকজন ইউনাইটেড কাউন্সিলের সমর্থকদের দেখে নেওয়ার হুমকি দেন। ভয়ে তাঁর স্বামী সরোয়ার ও সরোয়ারের ভাই মিজানুরসহ অনেকে পরিবার ফেলে ভারতে চলে যায়। তাঁদের ধারণা ছিল, পরিস্থিতি শান্ত হলে তাঁরা চলে আসতে পারবেন। কিন্তু দুই বছর ধরে তাঁরা ফিরতে পারছেন না। তিনি বলেন, ‘আমার ছোট দুই শিশুসন্তান। এদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই দুই দেশের সরকারপ্রধানের কাছে অনুরোধ, মানবিক কারণে তাদের ফিরে আসর সুযোগ দেওয়া হোক।’

মায়ের হাত ধরে দাঁড়িয়ে কথা শুনছিল সরোয়ার হোসেনের পাঁচ বছরের ছেলে হিমেল। একপর্যায়ে সে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ‘মা, আব্বা আসপার নয়। তুই আব্বার কাছে জাম।’ বলতে বলতে সে কান্না শুরু করে। আর মেরিনার কোলে থাকা আরেক ছেলে সোয়াজ ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, জয়নাল আবেদিন, নজরুল ইসলামসহ আরও বেশ কয়েকজন পরিবার ছেড়ে ভারতে চলে যান। তাঁরা কেউই ফিরে আসেননি। উপার্জনক্ষম ব্যক্তি বাড়িতে না থাকায় অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছে।

সোমবার দিবাগত মধ্যরাতে ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি হবে। এ উপলক্ষে দাশিয়ার ছড়ায় যখন উৎসবের আমেজ বিরাজ করছে, তখন এসব পরিবারে কোনো আনন্দ নেই। ছেলের শোকে মা, সন্তান বাবার জন্য এবং স্ত্রী স্বামীর শোকে দিন কাটাচ্ছেন।

এ প্রসঙ্গে বিলুপ্ত ছিটমহলের সাবেক পঞ্চায়েত নজরুল ইসলাম জানান, মানবিক কারণে তাদের ফিরে আসার সুযোগ দেওয়া উচিত। পরিস্থিতির কারণে তারা ভারত যেতে বাধ্য হয়েছিল। দাশিয়ার ছড়া থেকে ২১৬ জন ভারতে গেছে। এদের মধ্যে ১৭৬ জন হিন্দু।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ ওরাঁও জানান, বিষয়টি দুই দেশের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্তের বিষয়। বিলুপ্ত ছিটমহলের বিষয়ে সরকার আন্তরিক।

ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উপলক্ষে আজ মধ্যরাতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে দিবসটি পালন করা হবে। ২০১৫ সালে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ০১ মিনিটে ছিটমহল বিনিময়ের ঘোষণা দেওয়া হয়।