‘আমার স্বামীর দোষ ছিল সে অন্যায়ের প্রতিবাদ করত’
‘আমার স্বামীর একটা দোষ ছিল, সে অন্যায়ের প্রতিবাদ করত। সন্ত্রাসীরা এটা সহ্য করতে পারত না। তারা পুলিশের সঙ্গে এবং গোপন দলের সঙ্গে ষড়যন্ত্র করে আমার স্বামীকে মারি ফেলছে। এখন আমাকে, আমার ছেলি-মিয়া ও ভাসুর আফজালকে মারি ফেলতে চাচ্ছে।’ ছেলেমেয়েকে বুকে জড়িয়ে এসব কথা বলেন বছর দু-এক আগে পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আনছার আলীর স্ত্রী শিল্পী বেগম। গতকাল বৃহস্পতিবার আনছার আলীর মৃত্যু নিয়ে প্রথম আলোয় প্রকাশিত খবরের প্রতিক্রিয়া তিনি এভাবে জানান।শিল্পী বেগম বলেন, তাঁর স্বামী বামিহাল বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। এলাকায় কোনো অন্যায়-অত্যাচার হলে তিনি প্রতিবাদ করতেন। এ নিয়ে এলাকার চিহ্নিত ডাকাত মজিবর, থানার দালাল সেলিম ও সর্বহারা দলের নেতা কুদ্দুস আকন্দ প্রায়ই তাঁকে হুমকি দিত। এরপরও তিনি অন্যায় দেখলে শান্ত থাকতে পারতেন না। এজন্য সন্ত্রাসীরা তাঁকে গুলি করে মেরে ফেলার চেষ্টাও করে। এরপর তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন।শিল্পী বেগম বলেন, ‘ছেলেমেয়ের কথা বলে তাঁকে শান্ত থাকতে বলিছিনু। কিন্তু সে শুনে নাই।’নিহত আনছারের বৃদ্ধ বাবা রজব প্রামাণিক (৭০) বলেন, ‘আমার ছেলিডারে দিনের বেলায় সবার সামনে থানায় ধরি নিয়া হত্যা করিছে। শেষ পর্যন্ত কোর্ট সঠিক বিচার করিছে। আমি এখন শান্তিতে মরতে পারব। আপনারা আমার লাতিপুতির দিকে নজর রাখবেন।’২০০৮ সালের জুলাই মাসে সিংড়া উপজেলার কাকিয়ানের জঙ্গলে খুন হন আনছার আলী। গ্রাম্য বিরোধের জের ধরে পুলিশকে ব্যবহার করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার পর জানানো হয়েছিল, পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ তিনি মারা গেছেন। তবে বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত গত সোমবার সিংড়া থানার সাবেক ওসিসহ পুলিশের ১২ সদস্য এবং তাঁদের সাত সহযোগীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।