'আমারে অনেক মারছে'

শনিবার বেলা আড়াইটা। কথা হচ্ছিল ঢাকা-১৪ নির্বাচনী এলাকার বিএনপির একজন নেতার সঙ্গে। তিনি জানালেন, মাইকিং করার সময় তাঁদের এক কর্মীকে রাইনখোলা এলাকায় আটকে রাখা হয়েছে। কথা বলার সময় ওই নেতার ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে শোনা যাচ্ছে আর্তনাদ। কাঁদতে কাঁদতে এক ব্যক্তি বলছেন, ‘আমারে অনেক মারছে ভাই। আমারে ছাড়ছে কিন্তু মাইক ছাড়ে নাই।’
মারধরের শিকার বিএনপির ওই কর্মীর নাম আসাদ। মুঠোফোনে তিনি জানান, গতকাল দারুস সালাম ও আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি মাইকিং করেন। এরপর মিরপুরের চিড়িয়াখানা রোড হয়ে রাইনখোলার দিকে যাচ্ছিলেন তিনি। রাইনখোলা ঢালে পৌঁছালে একদল যুবক পেছন থেকে এসে তাঁকে আটকে ফেলে। এরপর মারধর করে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে এক যুবকের জিম্মায় দিয়ে চলে যায়। ওই যুবক তাঁকে একটু দূরে এনে চলে যেতে বলেন।
শুধু গতকালের এ ঘটনাই নয়, গত বৃহস্পতি ও শুক্রবারও মাইকে প্রচারণা চালানোর সময় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, গত বৃহস্পতিবার কল্যাণপুর বাস ডিপোতে আটকে মাইক ভাঙচুর করা হয়েছে। মাইকে প্রচারণার পাশাপাশি এলাকায় পোস্টার ও নির্বাচনী ক্যাম্প করতেও বাধা দেওয়া হয়েছে।
এ সম্পর্কে আসনটিতে বিএনপির প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের সহযোগিতায় আসাদ ফেরত এসেছেন, কিন্তু মাইক ও অটোরিকশা ফেরত পাওয়া যায়নি। প্রচারণার সময় মারধরে আহত আসাদের বক্তব্যসহ নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে। তিনি আরও বলেন, এলাকায় পোস্টার লাগানো হয়েছিল, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আজ (গতকাল) আবার নতুন করে লাগানো হয়েছে। আর হামলার কারণে কোথাও নির্বাচনী ক্যাম্প করা হয়নি।
বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার–আতঙ্কে রয়েছেন বলেও দাবি করেছেন দলটির একাধিক নেতা। তাঁদের অভিযোগ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ১৬ ডিসেম্বর দারুস সালাম থানায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন সৈয়দ আবু বকর সিদ্দিক। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো বিএনপির নেতা-কর্মীসহ অন্তত ৮০-৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় এক নেতার দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা–১৪ নির্বাচনী এলাকার দারুস সালাম থানার ২২ জন, মিরপুর থানার ২৮ জন, রূপনগর থানার ৯ জন, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৯ জন ও শাহ আলী থানার ১৩ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নেতার অভিযোগ, গত বৃহস্পতিবার রূপনগর আবাসিক এলাকায় গণসংযোগের সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কারণে সব জায়গায় গণসংযোগও করা যাচ্ছে না।
এদিকে গতকাল বিকেলে কল্যাণপুর ও দারুস সালাম এলাকায় গণসংযোগ করেছেন সৈয়দ আবু বকর সিদ্দিক। তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনার পাশাপাশি তাঁদের হাতে নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির এই প্রার্থী বলেন, ‘প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের মানুষ আমাদের পাশে আছেন।’ তিনি বলেন, গত ১০ বছর মানুষ ভোট দিতে পারেননি। মানুষ ভোটের অধিকার চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।