‘আমারে থুইয়া পোলাডা বিদায় নেছে, এ্যাহন কেমনে বাঁচমু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও আমারে আদর কইরা কইতো, “মা, তুমি মরলে আমি তোমার মমি কইরা রাখমু।” হেই পোলাডা আমারে থুইয়া বিদায় নেছে। আমি এ্যাহন ক্যামনে বাঁচমু।’ ছেলে জুবায়ের আহমেদের (২১) সেই সব কথা মা হাসিনা আহমেদের কাছে এখন কেবলই স্মৃতি। ছেলে হারানোর শোকে এভাবে বিলাপ করতে করতে একপর্যায়ে হাসিনা আহমেদ চেতনা হারিয়ে ফেলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র জুবায়েরের মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়া পৌর সদরের মদিনাবাগ এলাকায় জুবায়েরের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। জুবায়ের আহমেদের বাবা নৌবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়া তোফায়েল আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে কেন মারল, তার দোষ কী, কিছুই বুঝলাম না। যদি রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে আমার ছেলেকে মেরে ফেলা হয়, আমি সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’জুবায়েরের নানা আবদুল লতিফ (৭৫) জানান, জুবায়েরের চূড়ান্ত বর্ষের লিখিত পরীক্ষা গত রোববার শেষ হয়। পরীক্ষা শেষেই জুবায়ের ফোন করে পরীক্ষা ভালো হয়েছে জানিয়ে তাঁর (লতিফ) কাছে ভালো ফলের জন্য দোয়া চান। আজ মঙ্গলবার সকালে কলাপাড়া সদরের এতিমখানা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে জুবায়েরের লাশ পৌর কবরস্থানে দাফন করা হবে।