'আমারে না পাইয়া পাগল হইয়া গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রথম আলো’ কার্যালয়ে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ২০ জনের প্রত্যেককে  এক  লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমীন
‘প্রথম আলো’ কার্যালয়ে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ২০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমীন

‘হে তিন দিন ধরে আমারে না পাইয়া পাগলের মতো হইয়া গেছে, এহন কোনো কাম করতে পারে না’ কাঁদতে কাঁদতে বলছিলেন আরজিনা বেগম। রানা প্লাজা ধসের ঘটনার তিন দিন পর উদ্ধার করা হয়েছিল তাঁকে। স্বামী আশকর আলী সেই তিন দিন পাগলের মতো স্ত্রীকে খুঁজেছেন। আর সেই ভয়াবহ স্মৃতি থেকে তিনি এখনো বের হয়ে আসতে পারেননি। তিনি এখন মানসিক সমস্যায় ভুগছেন। এ ছাড়াও রয়েছে বার্ধক্যজনিত সমস্যা।
আরজিনা বেগমের ডান পায়ে এখনো ক্ষত রয়েছে। হাঁটাচলা করতে কষ্ট হয় তাঁর। সারতে আরও সময় লাগবে। রানা প্লাজার দুর্ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনই কর্মক্ষমতা হারিয়েছেন।
আজ বৃহস্পতিবার ‘প্রথম আলো’ কার্যালয়ে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে আরজিনা বেগমসহ ২০ জনের প্রত্যেককে এক  লাখ করে টাকার চেক তুলে দেওয়া হয়।চেক পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আরজিনা।
আরজিনা আরও জানান, দুই ছেলে এক মেয়েকে রেখে ঢাকায় কাজের সন্ধানে যান তাঁরা স্বামী-স্ত্রী। তিনি ফিনিশিং হেল্পার হিসেবে কাজ নেন রানা প্লাজায়।  কিন্তু দুর্ঘটনার পর এখন আর কাজ করতে পারেন না তিনি। এখন প্রতিটি দিন কাটাতে হয় সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে।  আরজিনার মতোই দুর্ঘটনার শিকার আরেক শ্রমিক রুনা আক্তার। তাঁর  ডান পায়ের ঘা এখনও শুকায়নি। তিনি এখনো পা ভেঙে বসতে পারেন না, বিছানায় বাথরুম করতে হয়। অসহায় রুনা আক্তার বলেন, ‘এই টাকা না দিয়া যদি আমার সুস্থ করে দিতেন। আমার লাগি বাড়ির হগলে বিপদে আছে।’

আরজিনা, রুনা আক্তার ও আরও যাঁরা আজ তহবিল থেকে ত্রাণ নেন তাঁরা সবাই রানা প্লাজা ধসের পর প্রথমে এনাম মেডিকেল কলেজ এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছিলেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রকল্প পরিচালক ও প্রথম আলো ট্রাস্টের সদস্য চিকিত্সক সামন্ত লাল সেন বলেন, এ ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।

এ সময়  উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।

যাঁদের সহায়তা করা হলো

রুনা আক্তার, মনির হোসাইন, নাজমা আক্তার, শামীমা বেগম, বায়েজিদ হোসেন, খালিদ রেজা পিন্টু, আনারুল ইসলাম, বাচ্চু মিয়া, সাবিনা, রুজিনা আক্তার, রিক্তা আক্তার, শাহীন আলম, রানা আহমেদ, আরজিনা খাতুন, সুফিয়া বেগম, নজরুল ইসলাম, বেলী বেগম, রেজাউল করিম, বাবু ও ফরহাদ আহমেদ।

সহায়তা তহবিলের পরিকল্পনা

মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় আহত ব্যক্তিদের মধ্যে ১২০ জনকে বাছাই করে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি ১৫ দিন পর আহত ২০ জন করে মানুষকে এই আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসিত করা হচ্ছে। 

তহবিলে আরও যাঁরা সাহায্য দিলেন

আব্দুল কাইয়ুম ১০ হাজার টাকা ও সাবরিনা আমজাদ  সাত হাজার ৫০০ টাকা। তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল দুই কোটি ১৫ লাখ ২৯ হাজার ৯২৩ টাকা। এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৮২ লাখ ৮৫ হাজার ৪১৮ টাকা। বাকি অর্থ পরিকল্পনা অনুযায়ী তালিকাভুক্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে।