'আমি অহন কনে যামু?'
আপনজন বলে কেউ নেই তাঁর। নেই ঘর করার জন্য একচিলতে জমি। তাই ১০ বছর ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা ভবনের পাশে পরিত্যক্ত একটি শৌচাগারে বাস করছেন। বর্তমান উপজেলা প্রশাসন তাঁর মাথা গোঁজার ঠাঁইটুকুও ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। এতে বিপাকে পড়েছেন তিনি। যাঁর সম্পর্কে বলা হচ্ছে তিনি একজন ষাটোর্ধ্ব নারী। তাঁর নাম ইসমততারা খাতুন।
ইসমততারা বলেন, ‘আমি অহন কনে যামু? আমার কেউ নাই বাপু। তাই এইখানে পইরা আছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা পরিষদের পাশে কয়েকটি আধা পাকা ভবনে কৃষি, সমাজসেবা, যুব উন্নয়নসহ সরকারি বিভিন্ন অধিদপ্তরের কার্যালয় ছিল। কিন্তু পুরোনো ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় উপজেলা প্রশাসন সেগুলো ভেঙে ফেলে। এর পাশেই পরিত্যক্ত একটি শৌচাগারে ইসমততারা ১০ বছর ধরে বাস করছেন।
সরেজমিনে উপজেলা চত্বরে গিয়ে দেখা যায়, শৌচাগারটির সামনে বসে ময়লা-আবর্জনা থেকে ধান বাছাই করছেন ইসমততারা। উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের বাসিন্দা তিনি। স্বামী আবু কালাম দ্বিতীয় বিয়ে করার পর তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এই সময় তাঁর মা-বাবা মারা গেছেন। তিনি রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান প্রয়াত সুরুজ্জামান বকুলকে বিচার দেন। কিন্তু বিচার পাননি। কোনো উপায় না দেখে তিনি রৌমারী শহরে এসে বিভিন্ন বাড়িতে কাজ করা শুরু করেন। সে সময় তিনি মানুষের বাড়ির রান্নাঘর ও বারান্দায় থাকতেন। ১০ বছর আগে পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মচারী শৌচাগারটিতে তাঁকে থাকতে দেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই শৌচাগারটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছেন। ইউএনও আবদুল হান্নান জানান, ‘আমি তাঁকে থাকার মতো জায়গা, এক বান্ডিল টিন ও কিছু টাকা দিতে চেয়েছি। খুব তাড়াতাড়ি এসবের ব্যবস্থা করব।’