'আমি আদুরী, ভালো আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সংবাদ সম্মেলনে মায়ের সঙ্গে আদুরি ষ ছবি: প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সংবাদ সম্মেলনে মায়ের সঙ্গে আদুরি ষ ছবি: প্রথম আলো

‘আমি আদুরী। এখন আমি ভালো আছি। ডাক্তার আপা আমার খুব সেবা-যত্ন করেছে। আমার মতো কোনো শিশুর যেন এমন অবস্থা না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন।’
গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী আদুরী (১১) এসব কথা বলে। প্রায় দেড় মাস চিকিৎসা শেষে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ আদুরীকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ সেপ্টেম্বর আদুরীকে অর্ধমৃত ও কঙ্কালসার অবস্থায় ভর্তি করা হয়েছিল। তাকে প্রথমে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয় হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। তার চিকিৎসার জন্য ২৮ সেপ্টেম্বর মেডিকেল বোর্ড গঠন করা হয়। এভাবেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া হয়।
সম্মেলনে চিকিৎসকেরা জানান, আদুরী এখন প্রায় সুস্থ। তবে তাঁর শরীরে নির্যাতনের দাগগুলো আছে, তা বয়সের সঙ্গে সঙ্গে মুছে যাবে।
আদুরীর মা সাফিয়া বেগম বলেন, ‘আমার মাইয়া এহন অনেক ভালো আছে। আমার মাইয়ার নির্যাতনকারীর বিচার চাই।’
সংবাদ সম্মেলনে নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক রাজিউল হক, চর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, সার্জারি বিভাগের অধ্যাপক মোস্তাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে পরিচালক মোস্তাফিজুর আদুরীর হাতে দুটি পুতুল ও কিছু খেলনার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখায় আদুরীর সাহায্যার্থে তার মা সাফিয়া বেগমের নামে একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে (নম্বর-২৫৬০৫)। ওই হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। সাহায্য করতে ইচ্ছুক যে কেউ ওই হিসাবে অর্থ সাহায্য পাঠাতে পারেন।
গত ২৩ সেপ্টেম্বর পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিন থেকে কঙ্কালসার মৃতপ্রায় আদুরীকে উদ্ধার করেন কয়েকজন নারী। পরে পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে একাধিক দৈনিকে সংবাদ প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর আদুরীকে নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা পল্লবী থানার সহায়তায় পল্লবীর ১২ নম্বর সেকশনের বাসা থেকে আদুরীর গৃহকর্ত্রী নওরীন জাহান ওরফে নদীকে ও ৩ অক্টোবর তাঁর মা ইশরাত জাহানকে আটক করেন। ২৭ সেপ্টেম্বর আদুরীর মামা নজরুল চৌধুরী বাদী হয়ে নওরীন, তাঁর স্বামী সাইফুল ইসলামসহ তিনজনকে আসামি করে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় নওরীন ও তাঁর মা ইশরাতকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির তদন্ত করে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। গত ১০ অক্টোবর নওরীন ও তাঁর মায়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কুইন আক্তার প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে জানা গেছে, খুন্তির ছ্যাঁকাসহ বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আদুরীকে ওই ডাস্টবিনে ফেলে এসেছিলেন নওরীন। আর তাঁকে সহযোগিতা করেছেন তাঁর মা। এ ঘটনায় মামলার আসামি নওরীনের স্বামীসহ দুজনের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি।