'আমি আবার দেখতে চাই, পরিবারের হাল ধরতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে সিদ্দিকুর
হাসপাতালে সিদ্দিকুর

পাশে গিয়ে বসতেই হাত ধরলেন সিদ্দিকুর রহমান। চোখে কালো চশমা। দেয়ালে হেলান দিয়ে ভাগনেকে জড়িয়ে ধরে কোনো রকমে বসে ছিলেন। দর্শনার্থীর পরিচয় জানতে পেরেই চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সিদ্দিকুর বললেন, ‘আমি ভাই আবার দেখতে চাই, পরিবারের হাল ধরতে চাই।’

গতকাল রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ৬২৮ নম্বর কেবিনে এই প্রতিবেদক যখন যান, তখন দুপুর গড়িয়েছে। ভাগনে সেলিম ধীরে ধীরে সিদ্দিকুরকে পত্রিকা পড়ে শোনাচ্ছিলেন। মেঝেতে বসে অপলক দৃষ্টিতে সিদ্দিকুরের দিকে তাকিয়ে ছিলেন বড় ভাই নায়েব আলী। মা সুলেমা খাতুন খাবারের থালাবাটি গোছাচ্ছিলেন।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরও গত বৃহস্পতিবার শাহবাগে অবস্থান নিয়েছিলেন। একপর্যায়ে পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলে’ তাঁর দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সিদ্দিকুরের কণ্ঠে যখন দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি, বাস্তবতা তখন উল্টো কথা বলছে। শনিবার দুই চোখে অস্ত্রোপচারের পর গতকাল সকালে চিকিৎসক বোর্ড তাঁকে নিয়ে বসে। চোখের সাদা ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার মনির প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের পরও সিদ্দিকুর ডান চোখে কোনো আলো দেখছেন না। বাঁ চোখের বিষয়ে কখনো বলছেন আলো দেখছেন, কখনো বলছেন দেখছেন না। এটাকে ‘কিছুটা ইতিবাচক’ হিসেবে দেখা হচ্ছে।

সহপাঠীরা জানালেন, চোখের পরিস্থিতি সম্পর্কে সিদ্দিকুরকে জানিয়েছেন তাঁরা। সিদ্দিকুর নীরবে শুনেছেন। এরপর থেকে খানিক পরপর তাঁর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সিদ্দিকুর যখন এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছিলেন, তখন একটিবারের জন্যও হাত ছাড়েননি। কখনো ভাই কখনো স্যার বলে সম্বোধন করছিলেন। কান্নার দমকে চেপে রেখে কথা বলতে গিয়ে থেমে যাচ্ছিলেন বারবার।

 ‘তিন বছর বয়সে বাবাটা মারা গেছে স্যার। ভাই লেখাপড়া ছাইড়া দিয়া দিনমজুরের কাজ কইরা, রডমিস্ত্রির কাজ কইরা পড়াইছে। ঢাকায় আইসা আমি পাঞ্জাবি বিক্রি কইরা যে কয়টা টাকা পাইতাম, তা দিয়া লেখাপড়া চালাইতে থাকি। আমি ভাই আমার চোখের সুস্থতা চাই। পরিবারের হাল ধরতে চাই। মায়ের জন্য, ভাইয়ের জন্য আমার কিছু করার দরকার। আমার চাওয়া-পাওয়া তাঁরাই।’ আর এগোতে পারেন না সিদ্দিকুর। চোখের পানি গড়িয়ে পড়ে।

ততক্ষণে কাছে এসে দাঁড়িয়েছেন বড় ভাই নায়েব আলী। সিদ্দিকুরের কান্না দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। বলেন, ‘ভাইরে, আমি আমার জীবন দিয়া দিমু তোর লাইগা।’

দুই ভাইয়ের এমন বাক্যালাপ হাসপাতালের কেবিনে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে। মা সুলেমা খাতুন ছুটে এসে জড়িয়ে ধরেন নায়েব আলীকে। শান্ত হতে বলেন। সিদ্দিকুরকে জড়িয়ে ধরা ভাগনে সেলিমের চোখ দিয়েও ততক্ষণে পানি গড়াতে শুরু করেছে। এগিয়ে আসেন সিদ্দিকুরের সহপাঠীরা। সান্ত্বনা দিতে থাকেন, শান্ত হতে বলেন।

 আহত হওয়ার পর থেকে সিদ্দিকুরের পাশে সর্বক্ষণ আছেন তাঁর সহপাঠী ও বন্ধু শেখ ফরিদ। তিনি বলেন, ‘চোখের অবস্থা শোনার পর থেকে তাঁর একটাই চাওয়া—বাঁ চোখটা যদি বাঁচানো যায়। বন্ধু, সহপাঠীসহ যে–ই আসছেন, তাঁর কাছেই এই আকুতি জানাচ্ছেন।’

সিদ্দিকুর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দুই দিন পর শনিবার বিকেলে তাঁকে দেখতে এসেছিলেন তাঁর কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদসহ কয়েকজন শিক্ষক। ওই দিন মধ্যরাতে এসেছিলেন তাঁর এলাকার সাংসদ শরীফ আহমেদ। গতকাল এসেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।

সিদ্দিকুরের সহপাঠীরা জানিয়েছেন, কলেজের অধ্যক্ষ চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছেন। বাকিরা সবাই নানা ধরনের আশার বাণী শুনিয়ে গেছেন। তবে গতকাল পর্যন্ত সিদ্দিকুরের চিকিৎসার খরচ জোগান দেওয়া হয়েছে সহপাঠীসহ বিভিন্নজনের কাছ থেকে আসা আর্থিক সাহায্য থেকে। বড় ধরনের কোনো অনুদান গতকাল পর্যন্ত তাঁরা পাননি।

সিদ্দিকুরের ভাই নায়েব আলী বলেন, ‘আমাদের পাগল হয়ে যাওয়ার দশা। সব আশা-ভরসা ছিল ও। ভালো চিকিৎসা করাব যে তারও কোনো সামর্থ্য নাই। সরকার বা কেউ যদি এগিয়ে আসে খুব উপকার হয়।’