দুই শিশুসন্তান নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন নীপা ধর। অবুঝ কন্যাশিশুটির হাতে নিখোঁজ বাবা পলাশ ধরের একটি ছবি। একসময় কোলে থাকা অপর সন্তানটি হাউমাউ করে কেঁদে উঠল। এক স্বজনকে দিয়ে তাকে বাইরে পাঠানো হলো। এবার মাইক হাতে নিয়ে কেঁদে ফেললেন নীপা ধর। কান্নাজড়িত কণ্ঠে তিনি আকুতি জানালেন, ‘আমি আমার স্বামীকে জীিবত ফেরত চাই।’
নীপা ধর বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন, আমার স্বামীকে আপনারা উদ্ধার করে দিন। আমার অবুঝ দুই সন্তানের দিকে তাকিয়ে তাঁকে মুক্তি দিন। আমি আর কিছু চাই না।’
বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। পলাশ ধর নিখোঁজ হয়েছেন ১২ মে। এক সপ্তাহেও তাঁর খোঁজ মেলেনি।
এ ব্যাপারে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি হলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে সমিতির যুগ্ম সম্পাদক বলেন, ‘বেশ কয়েক মাস যাবৎ চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের নির্যাতন, হয়রানি, অপহরণসহ বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১২ মে চকবাজারের নিউ এস এন জুয়েলার্সের মালিক পলাশ ধর নোয়াখালীর উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ফলে তাঁর পরিবারের সদস্যরা এবং আমরা উদ্বিগ্ন।’
পলাশ ধর বন্ধকি সোনার ব্যবসা করতেন বলে জানা গেছে। নিখোঁজ হওয়ার পর থেকে কেউ কোনো মুক্তিপণও দাবি করেননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নিখোঁজ পলাশ ধরকে জীবিত অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সমিতির নেতারা আবেদন জানান। ব্যবসায়ীদের ওপর অব্যাহত হয়রানি, অপহরণ ও নানা ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট হলে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে জুয়েলার্স সমিতি।