‘আমি ইউনূসের নখের যোগ্য নই, তবে...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আমি ড. ইউনূসের নখেরও যোগ্য নই বলে ব্যারিস্টার রফিক-উল হক যে মন্তব্য করেছেন, তার সঙ্গে আমি পুরোপুরি একমত। কারণ ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেভাবে দেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করেছেন এবং ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সে যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, ভবিষ্যতেও এমনটির সম্ভাবনা নেই।’ গত শনিবার সংবাদমাধ্যমে রফিক-উল হকের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ও প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে দিলীপ বড়ুয়া গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি পরিশোধ করতে গিয়ে কত লোক যে বাস্তুভিটা-হারা হয়েছেন, কত লোক আত্মহননের পথ বেছে নিয়েছেন, তার খবর শ্রদ্ধেয় রফিক-উল হক না জানলেও দেশবাসী জানে। বিবৃতিতে দিলীপ বড়ুয়া দাবি করেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে আমি যে ভূমিকা পালন করেছি, এর সঙ্গে মুহাম্মদ ইউনূসের তুলনা হবে না।’