জেমকন সাহিত্য পুরস্কার লাভ করায় রাজশাহীতে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহীর কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ গতকাল শনিবার বিকেলে নগরের শাহ মখদুম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে হাসান আজিজুল হক বলেন ‘আমি লেখক হিসেবে নিজেকে কোনো স্বতন্ত্র মানুষ হিসেবে কখনোই অনুভব করি না। আমি এমন একজন মাটিলাগা মানুষ, যেকোনো সময় যেকোনো সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে যেতে পারি। লেখকের একটাই কাজ, মানুষে-মানুষে বিভেদের যে দেয়াল রয়েছে তা টপকানো।’
হাসান আজিজুল হক বলেন, ‘আমি কখনোই বানিয়ে গল্প তৈরি করে লিখতে পারি না। জীবনভর আমার ঝুলিতে যা কিছু জমা পড়েছে তাই চিত্রিত করার চেষ্টা করেছি। ভেতরের কার্যকারণ দেখে দেখে অনুবাদ করাই লেখকের কাজ।’ জীবনে অনেক পুরস্কার পাওয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তার পরও পুরস্কার নিতে যাই। এ পুরস্কার আমাকে বলছে, যা করছো করে যাও। তারা আমার কাজকে উৎসাহিত করছে। এগিয়ে নিতে বলছে।’
সাবিত্রী উপাখ্যান উপন্যাসের জন্য হাসান আজিজুল হককে জেমকন পুরস্কার প্রদান করা হয়েছে। সেই উপন্যাসের সার্থকতা প্রসঙ্গে তিনি বলেন, সাবিত্রী উপাখ্যান উপন্যাস পড়ে একটি মেয়ে যদি টেলিফোন করে আমাকে বলে, বইটি পড়তে গিয়ে আমি বন্ধ করে রেখেছি। পড়তে পারিনি। কেঁদেছি। আপনি আমাদের এত কাঁদিয়েছেন কেন—তাহলেই উপন্যাসটি সার্থক বলে মনে করব।’ সব শেষে তিনি বলেন, ‘আজ আপনারা আমাকে সম্মান দিয়েছেন, বাঁচতে বলেছেন। যতক্ষণ বেঁচে আছি, ততক্ষণ কিছুতেই মরব না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক। বক্তব্য দেন কবি জুলফিকার মতিন, সাহিত্যিক অধ্যাপক সনৎ কুমার সাহা, গোলাম কবির, কবি তসিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, এনজিও ব্যক্তিত্ব চৌধুরী সারোয়ার-ই-কামাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক বলেন, ‘আজ সংবর্ধনা নয়, হাসান আজিজুল হকের পুরস্কারপ্রাপ্তির আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার জন্য এখানে মিলিত হয়েছি।’ কবি আলমগীর মালেক সাবিত্রী উপাখ্যান থেকে পাঠ করে শোনান। হাসান আজিজুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবিকুঞ্জের সদস্য কবি মজিদা আক্তার।