'আমি এখন বাঁচার স্বপ্ন দেখি'

তাঁর দুটি কিডনিই অকেজো। সচল রাখতে পাঁচ মাস ধরে চলছে ডায়ালাইসিস। বেঁচে থাকার নিভু নিভু বাতি এখন আশার আলোতে উজ্জ্বল। চিকিৎসকেরা বলেছেন, আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। এ প্রত্যাশাকে নিশ্চিত করতে চাই কেবল একটি কিডনি।
যাঁর কথা বলা হচ্ছে, তিনি বাংলাদেশের গৃহবধূ রাজিয়া বেগম (৫৩)। দেশে কিছু চিকিৎসা করিয়ে সিঙ্গাপুরে যান তিনি। এখন আছেন কলকাতায়। চিকিৎসকেরা বলেছেন, তাঁর পুরোপুরি সুস্থ হতে অন্তত একটি কিডনি জরুরি ভিত্তিতে প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করতে হবে।
কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে, কলকাতায় যাওয়ার পর রাজিয়ার শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না। চিকিৎসার ক্ষেত্রে একটি বড় বাধা ছিল শরীরভর্তি চর্বি। এর মধ্যে তাঁর শরীর থেকে ১৫ কেজি চর্বি ঝরিয়ে ফেলা হয়েছে। এখন কিডনি প্রতিস্থাপনের পুরোপুরি উপযোগী তাঁর শরীর। এ জন্যই বেঁচে থাকার নতুন আশা জেগেছে তাঁর।

গত বুধবার বিকেলে কলকাতার একটি অভিজাত হোটেলে রাজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের চিকিৎসকেরা। সেখানে তাঁরা রাজিয়ার রোগের ইতিহাস তুলে ধরেন।
প্রথম আলোকে রাজিয়া বেগম বলেন, তাঁর বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুরে। তিনি থাকেন নারায়ণগঞ্জে। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন। তিনি বলেন, কলকাতায় সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হচ্ছে তাঁকে। এখানকার চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনে শরীরের অতিরিক্ত মেদ সরিয়ে ফেলেছেন।
রাজিয়া বেগম বলেন, ‘আমি এখন বাঁচার স্বপ্ন দেখি। নিশ্চয়ই আমি কিডনির অসুখ থেকে মুক্ত হব।’
রাজিয়া বেগমের চিকিৎসা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার দুবে, শুভ্য ব্যানার্জি ও বিপ্লব ঘোষ। তাঁরা বলছেন, রাজিয়াকে নিয়ে এখন তাঁরা বেশ আশাবাদী।