'আমি এখন লিখতে পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের ‘বর্বরতা’ মানুষের ‘ভালোবাসা’—এই ছোট্ট জীবনে দুটোই দেখেছে রবিউল৷ নৃশংসতার শিকার হয়ে দুটি হাতই হারায় সে৷ এরপর কিছু মহানুভব মানুষের সহায়তায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই শুরু হয় তার৷ কৃত্রিম হাত নিয়ে ছেলের এমন উচ্ছ্বাস হাসি এনেছে মা নাসিমা বেগমের মুখেও l ছবি: সাজিদ হোসেন
মানুষের ‘বর্বরতা’ মানুষের ‘ভালোবাসা’—এই ছোট্ট জীবনে দুটোই দেখেছে রবিউল৷ নৃশংসতার শিকার হয়ে দুটি হাতই হারায় সে৷ এরপর কিছু মহানুভব মানুষের সহায়তায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই শুরু হয় তার৷ কৃত্রিম হাত নিয়ে ছেলের এমন উচ্ছ্বাস হাসি এনেছে মা নাসিমা বেগমের মুখেও l ছবি: সাজিদ হোসেন

‘আমি এখন লিখতে পারি’—হাসিমুখে বারবার এ কথাটিই বলছিল আট বছরের রবিউল ইসলাম ওরফে শান্ত৷ আর নেড়েচেড়ে দেখাচ্ছিল তার কৃত্রিম দুই হাত৷ তার এই আনন্দ ছুঁয়ে গেল পাশে থাকা স্বজনদের৷

রবিউলকে সুস্থ করে তুলতে তার পাশে দাঁড়ান রুকসানা কামার l ছবি: প্রথম আলো
রবিউলকে সুস্থ করে তুলতে তার পাশে দাঁড়ান রুকসানা কামার l ছবি: প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর কার্যালয়ে এসে এভাবেই আনন্দে মেতে ওঠে শিশু রবিউল ও তার স্বজনেরা৷ রবিউলের দুই কৃত্রিম হাত (প্রস্থেটিক হ্যান্ড) সংযোজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রে৷
তবে এই আনন্দের পেছনে আছে এক করুণ গল্প৷ পরিবারের সঙ্গে রবিউল থাকত গুলশানের কড়াইল বস্তিতে৷ গত বছরের ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সে৷ কয়েক দিন পর দুই হাত কাটা অবস্থায় কে বা কারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যায়৷ কিছুদিন পর স্বজনেরা তাকে হাসপাতালে খুঁজে পায়৷
রবিউলের মা নাসিমা বেগম অভিযোগ করেন, রবিউলের সৎবাবা মো. জাহাঙ্গীর চিপস খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়েছিলেন রবিউলকে৷ তিনিই রিবউলের দুই হাত কেটে ফেলেছেন৷ ওই সময় পুলিশের ধারণা ছিল, ভিক্ষাবৃত্তি করানো কিংবা ব্যক্তিগত ক্ষোভ থেকে জাহাঙ্গীর এমন নির্মম ঘটনা ঘিটয়েছেন৷
এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করেন নাসিমা বেগম৷ পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে৷ তিনি এখন কারাগারে আছেন৷ এ নিয়ে গত বছরের ২২ মার্চ ‘এ কেমন নির্মমতা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ শিশুটির পাশে এসে দাঁড়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রুকসানা কামার৷ তাঁর উদ্যোগে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ অনেকের সহায়তায় গত বছরের ৩০ অক্টোবর রবিউলকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক হাসপাতালে ভর্তি করানো হয়৷ রুকসানা কামারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ রবিউলকে বিনা মূল্যে কৃত্রিম দুটি হাত সংযোজন করে দেয়৷
চলতি বছরের ফেব্রুয়ারিতে রবিউলকে নিয়ে দেশে ফেরেন রুকসানা কামার৷ গতকাল রবিউল ও তাঁর মাকে নিয়ে তিনি প্রথম আলোর কার্যালয়ে আসেন৷
রুকসানা কামার প্রথম আলোকে বলেন, রবিউল এখন তাঁর তত্ত্বাবধানে আছেন৷ রবিউলের জন্য দুজন শিক্ষক রাখা হয়েছে৷ সে তাঁদের কাছে লেখাপড়া শিখছে৷ সে এখন লিখতে পারে৷ খেলাধুলাও করে৷
রুকসানা কামার জানান, রবিউলের বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত প্রতিবছর যুক্তরাষ্ট্রের ওই হাসপাতাল কর্তৃপক্ষ বিনা মূল্যে শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন হাত সংযোজন করে দেবে৷
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল বাশার বলেন, রবিউলের সৎবাবা জাহাঙ্গীরসহ দুজনের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে৷