‘আমি কখনো কল্পনাও করতে পারিনি আবার দেশে ফিরে আসতে পারব। বাবা-মাকে দেখতে পারব। এটা আল্লাহর রহমত এবং সবার দোয়া, আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।’ এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন এলম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওমান এয়ারলাইনসের একটি বিমানে চট্টগ্রামে এসে পৌঁছার পরই আবেগাপ্লুত এলম এভাবে তাঁর প্রতিক্রিয়া জানান। বিমানবন্দরে মালামাল নিয়ে আসার পরেই এলম মাটিতে লুটিয়ে পড়েন। বাবা-মাকে জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। এ সময় বন্দিজীবনের কষ্টের কথা জানাতে গিয়ে বলেন, ‘আমরা কী রকম মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছি তা বলে বোঝাবার নয়। আমাদের ২১ জনের জন্য প্রতিদিন খাবার হিসেবে সাত-আটটি আলু আর কিছু চাল ছিটিয়ে দেওয়া হতো ময়লার মধ্যে। ১৩ মাস ধরে শুধু একটি পায়জামা আর গেঞ্জি পরে ছিলাম। গোসল করে আবার সেগুলো পরে নিতাম। জলদস্যুরা প্রথম দিনেই আমাদের সবার জুতো নিয়ে যায়।’ দীর্ঘ ভ্রমণ আর বন্দিজীবনের ধকল মিলিয়ে ক্লান্তির ছাপ ছিল এলমের চেহারায়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন এলমের বাবা কালা মিয়া, মা সাফিয়া বেগম, দুই ভাই নুর উদ্দিন ও সাইফুদ্দিন, বোন শারমীন আখতার, ভগ্নিপতিসহ অনেক আত্মীয়স্বজন। এলমের বাবা বলেন, ‘আমি হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি, এর চেয়ে বড় পাওয়া কিছুই নেই।’এলম উদ্দিন বন্দিদশা থেকে মুক্তি পান চলতি বছরের ৮ মার্চ। গত বছরের ৩ মার্চ বেলা সাড়ে তিনটায় জলদস্যুদের কবলে পড়েন তাঁরা। জাহাজে ছিলেন ২২ জন নাবিক। এর মধ্যে ১৭ জন ভারতীয়, তিনজন নাইজেরিয়ান, একজন পাকিস্তানি এবং একজন বাংলাদেশি ছিলেন। সে বছরের ২০ মার্চ নাইজেরীয় একজন নাবিক জলদস্যুদের নির্যাতনে মারা যান। পানামার পতাকাবাহী রাসায়নিক পরিবহনকারী জাহাজ ‘রয়েল গ্রেস’ গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাই থেকে নাইজেরিয়ার উদ্দেশে রওনা হয়। নাবিকেরা সোমালিয়া উপকূলের ৭০০ মাইল দূরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। এলম গত বছরের ১৬ ফেব্রুয়ারি নাইজেরীয় মালিকানাধীন এ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী (সেকেন্ড ইঞ্জিনিয়ার) হিসেবে যোগ দেন। চট্টগ্রামের মধ্যম হালিশহরের হাজি আবদুল মালুম বাড়ির স্থায়ী বাসিন্দা এলম। বাবা ব্যবসায়ী। ভাইদের মধ্যে ছোট এলম। আটক থাকার সময়ে এলমের সঙ্গে তাঁর ভাই সাইফুদ্দিনের দুবার কথা হয়। প্রথমবার মিনিট দেড়েকের জন্য কথা বলার সুযোগ দেয় জলদস্যুরা। এরপর কয়েক দিন আগে তাঁকে মুক্তির খবর জানানো হয়। গতকাল বিকেলে ওমান এয়ারলাইনসের একটি বিমানে চড়ে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান এলম। দুপুর ১২টায় বিমানটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। বিমানভাড়া দিয়েছে জাহাজের মালিকপক্ষ। আবার কাজে ফিরে যাওয়ার প্রসঙ্গে এলম বলেন, ‘এসব কিছুই এখন মাথায় রাখছি না। সবার সঙ্গে কাটাব, বিশ্রাম নেব।’