'আমি ঘুষ খাব না, সৎ থাকব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘আমি নিজে অন্যায় করব না। আমি নিজে ঘুষ খাব না। আমি নিজে সৎ থাকব। আমি নিজে প্রথম কাজটি করব।’

আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয়ের জন্য মাটি খুঁড়তে হয়, তবে আমি প্রথম করব এবং আপনাদের বলব আমার সঙ্গে আসেন। আমি বিশ্বাস করি, আমার সুযোগ্য অফিসাররা আছেন, তাঁরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মেলাবেন।’

আগামী চার বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সর্বোচ্চ গবেষণা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হলে, আঞ্চলিকতার কূপমণ্ডূকতা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে কেবল যোগ্যদের লালন করবে, অন্য কারও নয়।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রশীদ, প্রধান চিকিৎসা কর্মকর্তা দীপক কুমার মণ্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ) হায়াতুজ্জামান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম।