'আমি চাইলে তিনি লালমোহনে ঢুকতে পারবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিন আহমেদের ঈদ শুভেচ্ছা শোভাযাত্রায় হামলা করেছেন বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যার পর এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মাগরিবের নামাজের পর আওয়ামী লীগ-সমর্থিত সাবেক সাংসদ জসিম উদ্দিন আহমেদ তজুমদ্দিন শহরে একটি শোভাযাত্রা বের করেন। এ সময় ছাত্রলীগ-যুবলীগের একদল কর্মী বাধা দিয়ে শোভাযাত্রা পণ্ড করেন এবং আবদুল গণি নামের এক ব্যক্তিকে মারধর করেন। জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমি এলাকায় আসি, শাওন সাহেব তা সহ্য করতে পারছেন না। তাই তাঁর কর্মী লেলিয়ে দিয়ে হামলা করিয়েছেন।’
নুরুন্নবী চৌধুরী বলেন, ‘আমি চাইলে জসিম উদ্দিন আহমেদ লালমোহনে ঢুকতে পারবেন না। তাঁর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তাঁর সঙ্গে জনগণের বিরোধ। ক্ষমতায় থাকাকালে তিনি অনেক লোককে চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন। টিআর-কাবিখার চাল বিক্রি করবেন বলে টাকা নিয়েছেন, ওই টাকা ফেরত দেননি। ওই পাওনাদারেরা তাঁকে পেলেই হামলা চালান।’
তজুমদ্দিন থানার ওসি সুলতান মাহমুদ বলেন, ‘শোভাযাত্রায় হামলা হয়েছে কি না, তা আমরা জানি না।’