‘আমি জেনেশুনে কোনো অন্যায় কাজ করিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ বলেছেন, ‘আমি জেনেশুনে কোনো অন্যায় কাজ করিনি। যদি আমরা গণতন্ত্র চাই, তবে আরও বেশি গণতন্ত্রের চর্চা করতে হবে। চর্চা করে এর মান উন্নত করতে হবে।’ তিনি গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও পলিটেকনিক স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।রাজনীতি করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, যা করেছি, তা থেকে আরও অনেক বেশি পেয়েছি। আমার কোনো দিন ইচ্ছা ছিল না রাজনীতি করার। আমি শুধু মানুষকে সাহায্য করে যাব।’বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন, ‘আমি এটা জানি ও বুঝি যে দেশ শাসনের কাজ সৈনিকদের নয়। আমি পার্শ্ববর্তী দেশ থেকে উদাহরণ নিয়েছি। সে জন্য আমি নিজে ও সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রেখেছি। কোনো কিছুর সত্যিকার উন্নয়নের জন্য ৫০ বছর সময় লাগে। তো, আমরা ৫০ বছর অপেক্ষা করি। এর পর খুঁজে পাওয়া যাবে যে তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়নটা কী। আমার মনে হয়, তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়নটা ভালোই হবে।’তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে তিনি বলেন, ‘মামলা যে কেউ করতে পারে। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি জেনেশুনে কোনো অন্যায় করিনি।’সাবেক সেনাপ্রধান সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা যেভাবে দেশটাকে ভালোবাসেন, আমিও ঠিক সেভাবেই দেশকে ভালোবাসি এবং বাংলাদেশের মানুষকে ঠিক সেভাবেই ভালোবাসতে চাই। আমি বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যেই থাকতে চাই। তাদের বিপদে আপদে যেন সাহায্য করতে পারি, এতটুকুই আমার চাওয়া। আর এটাই হবে আমার প্রাপ্য।’ তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো জানেন, আমি যখন ক্যাডেট হিসেবে গ্র্যাজুয়েশন করি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে চিফ অব স্টাফ ক্যাপ গ্রহণ করি। আমি এখন বই লিখছি। বই অনুবাদ করছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার শান্তির স্বপ্নে বইটি ২০০৯ সালে বেস্ট সেলার হয়েছে। এখন সেই বইয়ের আমি ইংরেজি অনুবাদ করছি।’তিনি আরও বলেন, ‘আমি এখন আমার স্ত্রীকে অনেক সময় দিচ্ছি। সৈনিক থাকার সময় আমার স্ত্রী শুধু দেখেছেন পোশাক পরছি, আর বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আবার বাসায় এসে পোশাক পরছি, বাইরে যাচ্ছি। এখন তিনি অনেক সময় পাচ্ছেন।’