‘আমি তো কদিনের জন্য সড়ক দখল করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভার পৌরসভার সবুজবাগ এলাকার ‘এ’ ব্লকের একটি সড়কের পাশে নিজ জমির ওপর পাকা ভবন নির্মাণ করছেন ঢাকা ওয়াসার কর্মচারী আলমগীর হোসেন। কিন্তু ভবন নির্মাণের সামগ্রী ইট, বালু আর খোয়া রেখেছেন বাড়িসংলগ্ন সড়কের ওপর। এ কারণে ওই সড়কে রিকশা ও যানবাহন চলাচল করতে পারছে না।শুধু আলমগীর হোসেনের বাড়িসংলগ্ন সড়কের ওপরই নয়, পৌর এলাকার প্রায় প্রতিটি সড়ক ও গলিতে মাসের পর মাস নির্মাণসামগ্রী রাখার কারণে নাগরিকদের চলাচল বিঘ্নিত হচ্ছে। অথচ প্যানাল কোডের গণ-উপদ্রব আইন ও পৌরসভা আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী, জনপথ ও রাজপথ দখল করে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের হাঁটাচলা এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার সবুজবাগ, কাজী মুকমাপাড়া, রেডিও কলোনি, ব্যাংক কলোনি, ছায়াবীথি, জালেশ্বর, ভাটপাড়া, উত্তরপাড়া, আড়াপাড়া, কাতলাপুর, বাজার রোড এলাকাসহ এর আশপাশের বিভিন্ন সড়ক ও গলির পাশে কয়েক শ ভবন নির্মাণ করা হচ্ছে। মাসের পর মাস ধরে এসব ভবনের নির্মাণকাজ চলছে। গতকাল রোববার এসব এলাকা ঘুরে প্রতিটি নির্মাণাধীন বাড়িসংলগ্ন সড়ক ও গলিতে ইট, বালু ও খোয়া রেখে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দৃশ্য চোখে পড়ে। কোথাও সড়ক ও গলির অর্ধেকজুড়ে আবার কোথাও সড়কের পুরোটাই দখল করে বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী রাখা হয়েছে। কোথাও আড়াআড়ি বাশ বেঁধে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।উত্তরপাড়া ও আড়াপাড়ার মধ্যে সংযোগ সড়কের ওপর বালু ফেলে পুরো সড়ক বন্ধ করে রেখেছেন আড়াপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ মণি দাস।প্রতিবেশীরা জানান, প্রায় ১৫ দিন ধরে কৃষ্ণ মণি দাস সড়কের ওপর বালু রেখে জনসাধারণের হাঁটাচলায় বিঘ্ন সৃষ্টি করছেন। বারবার বলার পরও তিনি সড়কের ওপর বালু ফেলা বন্ধ করছেন না।কাজী মুকমাপাড়ার পাশে নির্মাণাধীন বহুতল ভবন বিসমিল্লাহ প্লাজার সামনে ইট, বালু ও খোয়া রাখার কারণে সাভার পৌর এলাকার সবচেয়ে ব্যস্ততম সড়ক বাজার রোডে (সড়কের নাম) যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।উত্তরপাড়ার ব্যবসায়ী মনির হোসেন, শংকর ঘোষসহ বাজার রোডের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বিসমিল্লাহ প্লাজার সামনে নির্মাণসামগ্রী রাখার কারণে প্রায় সারা দিনই ওই এলাকায় যানজট লেগে থাকে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে এ অবস্থা চললেও পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বাজার রোডের পাশে দেওয়ান ইদ্রিস সড়ক ঘেঁষে ছয়তলা ভবন নির্মাণ করছেন পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজি আবদুল মোতালেব। তিনি নির্মাণাধীন বাড়ির সামনে পুরো সড়কে ইট, বালু, খোয়া ও খোয়া ভাঙার যন্ত্র রেখে জনসাধারণ ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। জনপথ ও রাজপথ দখল করে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের হাঁটাচলা ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ, তা আপনার জানা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে হাজি আবদুল মোতালেব বলেন, ‘কত লোক চর, নদী ও সরকারি জমি দখল করছে; আমি তো কদিনের জন্য সড়ক দখল করেছি।’ একই রকম প্রশ্নের জবাবে সবুজবাগ এলাকার ‘এ’ ব্লকের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী নিলুফা আক্তার হঠাৎ খেপে গিয়ে বলেন, ‘আমার বাড়িসংলগ্ন সড়কের মালিক আমি। এই সড়কে কী রাখলাম আর না রাখলাম, তা আমার বিষয়। জনসাধারণ বা যানবাহন চলাচল করতে পারল কি পারল না, তা আমার দেখার বিষয় না। এ নিয়ে সংবাদিকদেরও মাথাব্যথার কিছু নেই।’সাভার পৌরসভার মেয়র মো. রেফাত উল্লাহ বলেন, পৌরসভা আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী, জনপথ ও রাজপথ দখল করে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের হাঁটাচলা ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাড়ির নির্মাতারা এ আইন মানছেন না। নাগরিকদের অসুবিধার কথা চিন্তা করে মাইকিংসহ প্রচারপত্র বিলি করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।এক প্রশ্নের জবাবে রেফাত উল্লাহ বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় জরিমানাসহ সড়কের ওপর ফেলে রাখা নির্মাণসামগ্রী জব্দ করা দরকার। কিন্তু চাহিদা দিয়েও ম্যাজিস্ট্রেট না পাওয়ার কারণে সেই ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।