'আমি নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ সংসদ নির্বাচন
একাদশ সংসদ নির্বাচন

‘আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে প্রতিদিন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। আমাকে একা করে দেওয়া হয়েছে। নির্বাচনের উৎসব আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। গত মঙ্গলবার রাতেও তিন থানার পুলিশ আমার বাড়ি ও নির্বাচনী অফিস ঘেরাও করে বিএনপির প্রায় ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’

গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী ডা. শহিদুল আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী জিন্নাহ ও আসিফুর রহমান নামের তিন কর্মী। তিনি বলেন, ‘আমি এখন নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছি। আমার অন্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।’

লিখিত বক্তব্যে শহিদুল আলম আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ এবং কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটা থানার পুলিশ কালীগঞ্জ উপজেলার নলতায় তাঁর অফিস ও সংলগ্ন বাসা ঘেরাও করে। এ সময় তিনি নেতা-কর্মীদের নিয়ে এজেন্ট মনোনয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। পুলিশ এক এক করে সবাইকে আটক করে মাইক্রোবাসে তোলে। এ সময় আতঙ্কিত অনেকে গ্রেপ্তার এড়াতে ওপরতলায় তাঁর বাসায় ঢুকলে পুলিশ সেখানেও সব কক্ষে তল্লাশি চালায়। তারা দরজায় লাথি মেরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় কাগজপত্র তছনছ করা হয়। এ ধরনের নিষ্ঠুরভাবে নিয়ন্ত্রিত নির্বাচন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে।

মনোনয়ন প্রাপ্তির পর থেকে এ পর্যন্ত এলাকার বিএনপির শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে ধানের শীষের প্রার্থী বলেন, ১৬ ডিসেম্বর আশাশুনিতে বোমাবাজির একটি গায়েবি মামলা করেছে পুলিশ। এই মামলায় সবাইকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ এখন বলছে তাঁদের নামে অনেক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের তালিকা তুলে ধরে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলা বিএনপি সভাপতি ও কুল্লা ইউপির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, দেবহাটা বিএনপির সভাপতি সিরোজুল ইসলাম ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। এমনকি তাঁর বাড়ির বাবুর্চি কবির ও চা-বাহক রায়হানকেও গ্রেপ্তার করা হয়েছে।

শহিদুল আলম বলেন, এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাকে মৌখিক ও লিখিতভাবে জানালেও দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হয়েই তিনি এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দেশবরেণ্য চিকিৎসক আ ফ ম রুহুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনেই সৎ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাঁকেও বিষয়টি জানিয়েছি।’

নেতা-কর্মীশূন্য অবস্থায় কীভাবে নির্বাচন করবেন—প্রশ্ন রেখে ধানের শীষের প্রার্থী বলেন, তাঁর প্রতিপক্ষ পুলিশ ও প্রশাসনের সহায়তায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি এসব অনৈতিক ও অন্যায় কর্মকাণ্ড বন্ধ করে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন যাতে করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করেন।

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে।