যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘আমি পরীক্ষিত সৎ লোক। দুর্নীতি দমন কমিশন একাধিক তদন্ত করে আমাকে নির্দোষ বলে প্রত্যয়নপত্র দিয়েছে।’যোগাযোগমন্ত্রীকে নিয়ে উইকিলিকসের ফাঁস করা খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ওয়াশিংটনে পাঠানো সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তারবার্তায় তাঁর ভূয়সী প্রশংসা করা হয়েছে। শুধু একটি অনুচ্ছেদে তাঁর সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে মরিয়ার্টি এমন কথা বলেছেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, ‘মার্কিন দূতাবাস আছে, মরিয়ার্টিও জীবিত। যদি মরিয়ার্টি এমনটা বলে থাকেন, তাহলে মার্কিন দূতাবাস এটি যাচাই করুক।’মন্ত্রী বলেন, তাঁর বিশ্বাস, উইকিলিকসে প্রকাশিত খবরটি অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন। ‘সত্যিই যদি মরিয়ার্টি বলে থাকেন, সে ক্ষেত্রে লেস দ্যান অনেস্টের ব্যারোমিটার কী, কত ডিগ্রি অ্যাঙ্গেল, তাঁর পার্সেন্টেজই বা কত?’আবুল হোসেন বলেন, ‘ইন্টারনেটে অনেক কিছু বানিয়ে, ঘুরিয়ে-পেঁচিয়ে করা যায়। ইউকিলিকসে সঠিক তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা ভেবে দেখা উচিত ছিল। যাঁরা তারবার্তাটি দিয়েছেন, তাঁরা সরকারের কাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন।’ তবে ষড়যন্ত্রকারী দেশি না বিদেশি—এমন প্রশ্ন করা হলে মন্ত্রী তা এড়িয়ে যান।মন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘যে মানুষটি দিন-রাত উন্নয়নের জন্য পরিশ্রম করছে, সেখানে এমন খবর প্রকাশ করা হয় আমাকে বিব্রত করার জন্য, সরকারকে বিব্রত করার জন্য। আর সরকারকে বিব্রত করার অর্থ হলো উন্নয়ন বাধাগ্রস্ত করা।’ মন্ত্রী তাঁর ব্রিফিং শুরু করেন বিভিন্ন মনীষীর কয়েকটি মন্তব্য উদ্ধৃত করে। তারপর তিনি বলেন, ‘আমি নিষ্ঠার সঙ্গে কাজ করি। আমার জয় অবশ্যম্ভাবী। উইকিলিকসে দেওয়া খবরটি অসত্য। আল্লাহর ইচ্ছায় আমার কোনো ক্ষতি হবে না।’পদ্মা সেতুর দরপত্র নিয়ে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সংযোগ সড়কের দরপত্র হয়েছে। তবে কার্যাদেশ হয়নি। মূল সেতুসহ অন্য কাজের চূড়ান্ত দরপত্রও হয়নি। এ অবস্থায় দুর্নীতির কোনো সুযোগ নেই। মন্ত্রী দাবি করেন, তাঁর মন্ত্রণালয়ের যাবতীয় উন্নয়নসংক্রান্ত সিদ্ধান্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে পাঠান। এটা তিনি স্বচ্ছতার স্বার্থে করে থাকেন।যোগাযোগমন্ত্রীকে নিয়ে ওয়াশিংটনে পাঠানো সাবেক মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টির তারবার্তা সম্প্রতি প্রকাশ করে বিশ্বব্যাপী সাড়া জাগায় ওয়েবসাইট উইকিলিকস। তাতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যোগাযোগের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব দিয়েছেন এমন একজন মন্ত্রীর ওপর, যাঁর সততার ঘাটতি ও দুর্নাম রয়েছে। আর তিনি হচ্ছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।উইকিলিকসের ফাঁস করা তথ্য অনুযায়ী, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এক বার্তায় লিখেছেন, যোগাযোগমন্ত্রীর ‘রেপুটেশন’ হচ্ছে ‘লেস দ্যান অনেস্ট’। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে ওই গোপন তারবার্তাটি পাঠানো হয়।