‘আমি পুতের হত্যার বিচার চাই’
‘আমার নাতিনদের যারা এতিম হরছে, আল্লায় তাগোর বিচার করবে। আমি পুতের হত্যার বিচার চাই।’ এভাবেই বিলাপ করছিলেন ফতুল্লায় সন্ত্রাসীদের হাতে নিহত কমিউনিটি পুলিশের নেতা কবির হোসেনের মা ফজিলা খাতুন (৬৫)। কবিরের মরদেহ গত শনিবার রাতে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রামে দাফন করা হয়।কবিরের স্ত্রী তাসলিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে তাঁরা ফতুল্লায় বাস করছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বাইরে যান কবির। পরে আর ফিরে আসেননি। শুক্রবার সকালে ফতুল্লা রেললাইনের পাশের একটি পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমি নিজের চিন্তা করি না। কিন্তু পাঁচ ছেলেমেয়েকে নিয়ে কেমন করে চলব?’তাসলিমা জানান, সততা ও দায়িত্বশীলতার জন্য কবির ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক হয়েছিলেন। অবৈধ কাজের বিরোধিতা এবং পুলিশকে বিভিন্ন তথ্য দেওয়ায় অনেকে তাঁর শত্রু হয়ে যায়। তিনি তাঁর স্বামীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।