'আমি প্রথম আলো বিক্রি করতাম'

চেহারায় সারা দিনের ক্লান্তির ছাপ। কালচে হয়ে যাওয়া দুই গালে লাল রং দিয়ে কিছু একটা লেখা, ঘামে তা প্রায় মুছে গেছে। বার্তাকক্ষের স্টলের সামনে এসে প্রথমেই জানতে চাইল, এইখানে কি হইতাছে? যখন জানল, প্রথম আলোর পাঠকেরা প্রথম আলোর বিভিন্ন দিক নিয়ে মন্তব্য লিখছেন, তখন ও যেন বেকায়দায় পড়ল। বলল, ‘আমি তো লিখতে পারি না। পড়তেও পারি না। খালি আমার নাম লিখবার পারি। আমি আগে গুলিস্তানে প্রথম আলো বিক্রি করতাম।’
সাদা কাগজ এগিয়ে দিয়ে যখন তার নামটাই লিখতে বলা হলো, তখন মুখে হাসি ফুটল। কাগজ-কলম নিয়ে বড় বড় অক্ষরে লিখল—‘সুজন’।
সুজন (১১) আজ শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে এসেছিল প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে। বার্তাকক্ষের স্টলে ওর সঙ্গে কথা হয়।
সুজন জানাল, এখন আর পত্রিকা বিক্রি করে না ও। গাড়িতে চালকের সহকারী হিসেবে কাজ করছে। পড়াশোনার সুযোগ হয়নি। বাবা জুতো বিক্রি করেন। মা কাজ করেন জজ কোর্টে। ওরা দুই ভাই ও এক বোন। সংসারের হাল টানতে ওকেও কাজে নামতে হয়েছে।
এখানে প্রথম আলোর অনুষ্ঠান যে হচ্ছে, তা সে জানলে কীভাবে?
জবাবে সুজন জানাল, ও শাহবাগে এসেছিল। লোকজনের কাছে প্রথম আলোর অনুষ্ঠানের কথা শুনে চলে এসেছে। কথার এক ফাঁকে সুজনের সহজ স্বীকারোক্তি—‘আমি কিন্তু প্রথম আলো ছাড়া অন্য পত্রিকাও বেচতাম।’
সুজনের হাতে একটি কুরকুরে চিপস। হেমন্তের শুকনো বাতাসে ফেটে যাওয়া ঠোঁট দুটোতে হাসির ঝিলিক। বলল, ‘আইসক্রিমও খাইছি।’
সুজন চলে যাওয়ার সময় ওর হাতে আজকের প্রথম আলো পত্রিকা ও প্রথম আলোর বিশেষ কার্টুন তুলে দেওয়া হয়। সে খুশি হয়ে অন্য স্টলের দিকে পা বাড়াল।
সুজন এসেছিল প্রথম আলোর প্রতি ভালোবাসার টানে। আর যারা লিখতে পারে, তারা তাদের ভালোবাসা প্রকাশ করে খাতায় মন্তব্য লিখে। কোনো কোনো খুদে পাঠক স্টলের সামনের টেবিলে রাখা পত্রিকা টেনে নিয়ে পড়া শুরু করে। কোনো কিছু লিখতে চায় কি না, জানতে চাইলে বলে, না লিখবে না। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আরিয়ান স্কুলে, বাসায় অনেক লিখেছে। জানাল, আজ শুধু মজা করবে।
অষ্টম শ্রেণিতে পড়ুয়া আঁখি কিছুক্ষণ আগেই হাতে মেহেদি লাগিয়েছে। ওই হাতেই প্রথম আলোকে নিয়ে মন্তব্য লিখতে শুরু করল।
অনেক খুদে পাঠক স্টলে এসে চিন্তায় পড়ে যায়। প্রথম আলোকে নিয়ে তো অনেক কথা বলার আছে। কোনটা রেখে কোনটা লিখবে?
পঞ্চম শ্রেণির ছাত্রী সাদিয়া জানাল, ওর সবচেয়ে পছন্দ হচ্ছে কিশোর আলো। বাম হাতে লেখে ও। গোটা গোটা অক্ষরে অনেক কিছু লিখল। তবে লেখার আগে ও মায়ের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করে নিল।
সাদিয়ার মা হোসনে আরা শিক্ষকতা করেন। তিনি মন্তব্য লেখার পাশাপাশি জানান, তিনি প্রথম আলোর ভক্ত, পাঠক। তবে তিনি শুধু পাঠক হয়ে থাকতে চান না। প্রথম আলোর বিভিন্ন পাতায় লিখতেও চান।
সানজিদা, ফারিহা ও ফারহান তিন ভাই বোন। ওরা এসেছে আগামসি লেন থেকে। অনার্স, অষ্টম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তিনজন লাইনে দাঁড়িয়ে মন্তব্য লিখল। প্রথম আলোর অধুনা, নকশা, রস+আলো এবং কিশোর আলো ওদের পছন্দ। মা-বাবা সকালে পত্রিকা পড়েন। তাই প্রতিদিন সকালে বাসায় প্রথম আলো নিয়ে শুরু হয় কাড়াকাড়ি—কার আগে কে কার পছন্দের পাতাটি হাতে পাবে। তবে ব্যবসায়ী বাবা শাহীন চৌধুরী ছেলেমেয়েদের স্বপ্ন নিয়ে পাতাটি পড়তে উৎসাহিত করেন বলে ওরা জানাল। প্রথম আলোর উৎসবে তিন ভাইবোনের সঙ্গে বাবা মাও এসেছেন।
ফারিহা জানাল, ওর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলছে। রোববারও একটি পরীক্ষা আছে। কিন্তু প্রথম আলোর জমজমাট অনুষ্ঠানটি তো বছরে মাত্র একবারই হয়। পড়ার জন্য হাতে শনিবার আছে। তাই শুক্রবারটি প্রথম আলোর জন্যই থাক।
আরেকজন খুদে পাঠক লিখছে তো লিখছেই। একটু কাটাকাটিও হয়ে যাচ্ছে। তাই মুখে উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল, আন্টি কাটাকাটি হলে কোনো সমস্যা আছে? না শুনে আবার মনের আনন্দে লিখতে শুরু করল।
উৎসবে প্রথম আলোর নকশা, খেলাঘর, অধুনাসহ বিভিন্ন স্টলে ছিল বিখ্যাত মডেল, খেলোয়াড়দের আনাগোনা। তাই ওই সব স্টলে পাঠকেরা ব্যস্ত ছিলেন প্রিয় মডেল বা খেলোয়াড়ের সঙ্গে ছবি বা আর একটু বেশি সুযোগ পেলে সেলফি তোলার জন্য। তবে বার্তা ক্ষের সামনে যে পাঠকেরা আসেন, তাঁরা আসেন মনের তাগিদে। সবাই যে প্রথম আলোকে নিয়ে সব ভালো কথা লিখেছেন তা নয়, অনেকে প্রথম আলোর সমালোচনাও করেছেন। এসব পাঠকের বাড়তি পাওয়া ছিল, মন্তব্য লেখা শেষে একটি প্রথম আলো পত্রিকা ও কার্টুন। অনেকেই এতে বেশ অবাক হন। অনেকে প্রশস্ত হাসি হেসে বলেন, ‘বাসায় তো প্রথম আলোই রাখি, আবার এই পত্রিকা দিচ্ছেন কেন?’