বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন, তা রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে এত দিন তাঁকে (ইউনূস) কারাগারে থাকতে হতো।
গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল এ সেমিনারের আয়োজন করে।
পাটমন্ত্রী বলেন, মুহাম্মদ ইউনূসের ভাগ্য ভালো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেননি।
নিজের ছোট ভাই আবদুল কাদের সিদ্দিকীকে ‘রাজাকার’ আখ্যায়িত করেন লতিফ সিদ্দিকী। তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কাদের সিদ্দিকী ও মুহাম্মদ ইউনূস বিরোধীদের সঙ্গে তাল মেলাচ্ছেন। এতে কোনো লাভ হবে না। কারণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে।’
লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পৃথিবীর সবচেয়ে স্বাধীন ও নিরপেক্ষ। তাই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা হরতাল দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতে হবে। কারণ, হরতালকারীরা আদালত অমান্যকারী ও রাষ্ট্রদ্রোহী।’
এর আগে ১৬ আগস্ট এক আলোচনা সভায় হরতালকারীদের বিরুদ্ধে একই ধরনের হুমকি দেন মন্ত্রী।
সরকারের ওই মন্ত্রী ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘নিজেদের মধ্যে মারামারি করতে পারো; কিন্তু বিরোধীরা যখন হরতাল দেয়, তখন তা প্রতিহত করতে পারো না?
তাই আজ থেকে যারা সংবিধান লঙ্ঘন করে দেশে হরতাল ও অবরোধ করবে, তাদের প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে। কারণ, অন্যায়ের প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার।’
নীল দলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. আশরাফ-উল-আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান, সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।