'আমি ফিরে এসেছি বুকে বুলেট নিয়ে'
‘মা, শুভ অপরাহ্ণ। আমি ফিরে এসেছি, বুকে বুলেট নিয়ে। এ বুলেটই আমার বিশ্রাম নেওয়ার বালিশ!’
ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি কবি-সাহিত্যিকেরা কীভাবে তাঁদের কাজের মধ্যে তুলে ধরছেন—এমন প্রশ্নের জবাবে ফিলিস্তিনের কবি ঘাসান জাকতানের একটি কবিতার এই পঙ্ক্তিগুলো আবৃত্তি করলেন ব্রিটিশ সাংবাদিক জন স্ন।
‘ঢাকা লিট ফেস্টে’-এর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বাংলা একাডেমির মূল মঞ্চে ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন কবি ঘাসান ও ফেডি জওদা। ঘাসান ফিলিস্তিনে বসবাসকারী আরবি ভাষার কবি। আর ফেডি ফিলিস্তিন থেকে বিতাড়িতদের একজন। ফেডি নিজেও লেখেন, অনুবাদ করেন।
জন স্নর উপস্থাপনায় গতকালের আলোচনায় উঠে আসে ফিলিস্তিনিদের দুঃখগাথা। যেমনটি ঘাসান বলছিলেন, তিনি ফিলিস্তিনে তাঁর বাড়িতে ফিরেছেন। কিন্তু সে ফেরা যেন ফেরা নয়। তাঁর বসবাস যেন শত্রুর সঙ্গে। তাঁর এলাকাটি ইসরায়েলিরা দখল করে নিয়েছে। তাঁকে প্রতিদিন ৫৩২টি ইসরায়েলি পাহারাচৌকির সামনে পড়তে হয়।
ফেডি জওদা থাকেন যুক্তরাষ্ট্রে। তাঁর অনেক নিকট আত্মীয়ের বাড়ি, জায়গা ইসরায়েলিদের দখলে। অনুষ্ঠানের একপর্যায়ে জন স্ন তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি কেন কবি ঘাসান জাকতানের কবিতা অনুবাদ করলেন। উত্তরে ফেডি জওদা বলেন, ঘাসানের কবিতায় ফিলিস্তিনকে অনুভব করা যায়, ফিলিস্তিনের কাছাকাছি যাওয়া যায়। এই অনুবাদের মধ্য দিয়েই তিনি ফিলিস্তিনিদের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করছেন।
কবিরা আশাবাদী হন, স্বপ্ন বুনতে পছন্দ করেন। কিন্তু কবি ঘাসান এই স্বপ্ন দেখার সাহস করেন না যে, তাঁর জীবদ্দশায় তিনি দেখে যেতে পারবেন, তাঁর দেশের সমস্যা সমাধান হয়েছে। তাঁর ভাষায় যে সংগ্রাম চলছে তা ‘ওপেন এন্ডেড’। একই মনোভাবের কথা জানান ফেডি। অবশ্য জন ভিন্নমতের। তিনি আশাবাদী। তাঁর আশা, তাঁর জীবদ্দশাতেই সমাধান দেখে যেতে পারবেন।