‘আমি বাঁচতে চাই আমাকে বাঁচান’
নেশা করতে টাকা দেওয়ার জন্য মা-বাবাকে চাপ দিচ্ছিলেন এক তরুণ। দরিদ্র হওয়ায় টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের ছিল না। একপর্যায়ে টাকা না পেয়ে ওই তরুণ মা-বাবাকে হত্যার হুমকি দেন। একই সঙ্গে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। শেষ পর্যন্ত তাঁরা তাঁদের ছেলেকে প্রতিবেশীদের সহায়তায় শিকল দিয়ে বেঁধে ফেলেন। গত পাঁচ দিন ধরে তাঁকে এভাবে আটকে রাখা হয়েছে। এ ঘটনা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের।এই হতভাগ্য তরুণের নাম সোহেল (২১) মিয়া। ঈশ্বরগঞ্জের জয়পুর গ্রামে তাঁদের বাড়ি। তাঁর বাবার নাম চান মিয়া। মাদকাসক্ত সোহেল বলেন, ‘আমার জীবনের সব শেষ হয়ে গেছে। বন্ধুরা অনেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাঁদের অবস্থা দেখে এই জীবন আর ভালো লাগে না। তাই নেশা করে সব ভুলতে চাই। আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই।’ সোহেলের বাবা চান মিয়া জানান, অষ্টম শ্রেণীতে লেখাপড়া করার সময় সোহেল ফেনীতে দুই বিয়ে করেন। এটা চার বছর আগের কথা। কিছুদিন পর সোহেল কাজের জন্য চট্টগ্রাম চলে যান। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে বাড়িতে চলে আসেন। চান মিয়া আরও জানান, গত শনিবার সোহেল তাঁর মায়ের কাছে নেশার জন্য টাকা চান। কিন্তু টাকা না দেওয়ায় তিনি তাঁর মাকে খুন করার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই তাঁরা সোহেলের হাত-পা শিকল দিয়ে বেঁধে তাঁকে একটি ঘরে আটক করেন। চান মিয়া আরও জানান, নেশা কেটে যাবে ভেবে সোহেলকে তাঁরা আটকে রেখেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. আসাদুজ্জামান রতন জানান, সঠিক চিকিত্সা পেলে ওই তরুণ সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।