‘আমি বারবার এ দেশে আসব’
‘এখানে আসার পর থেকে মানুষ যেভাবে আমাকে শ্রদ্ধা জানিয়েছে, তা কখনোই ভুলতে পারব না। বিশেষ করে নৌকায় ব্রহ্মপুত্র পাড়ি দেওয়ার সময় কোমরপানি ভেঙে অগণিত মানুষ আমাকে যেভাবে শুভেচ্ছা জানায়, সে দৃশ্য আমার হূদয়ে স্মৃতি হয়ে থাকবে। তাই আমি বারবার এ দেশে আসব।’ গত বুধবার রাতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগভরা কণ্ঠে এই অনুভূতি প্রকাশ করেন থাই রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্ন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রামের রিসোর্টে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে রাজকন্যার সম্মানে দেওয়া নৈশভোজে বাঙালি খাবার পরিবেশন করা হয়। এ সময় রাজকন্যার হাতে নকশিকাঁথা তুলে দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। উপহার পেয়ে রাজকন্যা মাহা চাকরি সবার উদ্দেশে বলেন, ‘এ দেশের মানুষের আন্তরিক ভালোবাসা, আতিথেয়তায় আমি আনন্দিত, মুগ্ধ।’ জেলা প্রশাসক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডিন মাইকেল ক্লাগকেও নকশিকাঁথা উপহার দেন। রাজকন্যা পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় তিন সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তাঁর লেখা বই ও উপহার সামগ্রী দেন। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, দুই দিনব্যাপী গাইবান্ধা সফরকালে বিভিন্ন কর্মসূচি দেখে রাজকন্যা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় মানুষের আতিথিয়েতায় তিনি মুগ্ধ বলে জানিয়েছেন।বুধবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যা ছয়টায় রাজকন্যা মাহা চাকরি রসুলপুর গ্রামের রিসোর্টে ফিরে যান। সেখানে রাত আটটার দিকে রাজকন্যার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি আসনের সাংসদ ফজলে রাব্বি, সুন্দরগঞ্জ আসনের সাংসদ আবদুল কাদের খান, সদর আসনের সাংসদ মাহাবুব আরা বেগম, জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও রাজকন্যা মাহা চাকরি সংক্ষিপ্ত বক্তব্য দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে রাজকন্যা গাইবান্ধা থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। জীবিতা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের মাতৃ-শিশু স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক একাধিক গবেষণা প্রকল্প পরিদর্শনে রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্ন গত মঙ্গলবার গাইবান্ধা যান।