'আমি বীরাঙ্গনা কী কইরা হইলাম?'
রাহেলা বলেন, ‘আমি বীরাঙ্গনা কী কইরা হইলাম? সেইটা কি আমার দোষ? অথচ আমার ছেলেমেয়েরে অন্যরা কয়, তোর মা নষ্ট হইয়া গেছে। এখন মুক্তিযোদ্ধা ভাইরাও অন্যদিকে তাকায় থাকে। শেখ হাসিনা একবারও দেখতি আসলো না। তারা খালি রাষ্ট্র নিয়াই পাগল।’
রাহেলা আরও বলেন, ‘সরকার স্বীকৃতি দিছে শুনি। কিন্তু কবে দিব? এর মধ্যে দুইজন মইরাও গেছে। এ স্বীকৃতি হাতে পামু কবে?’
রাহেলাসহ সিরাজগঞ্জ থেকে আসা তিনজন নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) তাঁদের বঞ্চনার কথা তুলে ধরেন। চোখে পানি থাকলেও কণ্ঠে ছিল ক্ষোভ।
রাহেলা, রাজুবালা ও হাজেরা শুনালেন তাঁদের জীবনের বীভৎসতম অধ্যায়ের গল্প। গল্পটি যে ১৯৭১ সালেই থেমে যায়নি, তারপর এর বিস্তৃতি ভয়াবহ আকার ধারণ করেছে, সে ইতিহাসও বলেন তাঁরা। তাঁদের সবার দাবি, তাঁরা মাথাগোঁজার জন্য একটু ঠাঁই চান। দুমুঠো ভাত চান। মুক্তিযোদ্ধা ভাতা চান। মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা যেভাবে মাথা উঁচু করে বেঁচে আছেন, তাঁরাও চান সেই স্বীকৃতি ও সম্মান।
আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এবং যুক্তরাজ্যভিত্তিক সংগঠন রাইজিং পথ অব ওয়ার হিরোইনস নামক সংগঠন আয়োজিত ‘বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা’ শীর্ষক মতবিনিময় সভায় নারী মুক্তিযোদ্ধারা স্বীকৃতি চান। সরকারের ঘোষণার বাস্তবায়ন দেখতে চান।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে আমরা অতিষ্ঠ। অনেকে মুক্তিযুদ্ধ করেননি, অনেকের মুক্তিযুদ্ধ করার মতো বয়সও হয়নি, অনেকের সে সময় জন্মও হয়নি, আবার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এসব যাচাইবাছাইয়ের জন্য নীতিমালা করা হচ্ছে।
মন্ত্রী জানান, যাঁরা বীরাঙ্গনা নামে পরিচিত, তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে আলাদাভাবে আবেদন করতে হবে না। যেসব সংগঠন বীরাঙ্গনাদের নিয়ে কাজ করছে, সেই সব সংগঠনের কাছেই তালিকা চাওয়া হয়েছে। এখন পর্যন্ত স্বল্প সংখ্যক তালিকা পাওয়া গেছে। ফলে গেজেট তৈরি করা সম্ভব হচ্ছে না।
সভায় মন্ত্রী বলেন, সামাজিক বাস্তবতার কারণে বীরাঙ্গনাদের তালিকা করা কঠিন। তাঁদের খুঁজে বের করার জন্য কমিটি গঠন করা হবে।
সভায় ঠাকুরগাঁও থেকে আসা যুদ্ধশিশু সুধীর বলেন, ‘সবাই তাঁদের বাবার নাম ও পরিচয় বলতে পারে। আমি বলতে পারি না। আমার বাবা নাই তো তার পরিচয় কেমনে দিমু?’
মতবিনিময় সভার সভাপতি কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী বীরাঙ্গনাদের জন্য আবাসন, হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখা এবং তাঁরা মারা যাওয়ার পর যাতে মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান পান, সে দাবি রাখেন সরকারের কাছে। একই সঙ্গে এই নারীদের সন্তানদের জন্যও যথাযথ কর্মসংস্থানের দাবি তুলেন।
সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এম এ হাসান, সাংবাদিক আবেদ খান, বীরাঙ্গনাদের নিয়ে কাজ করা শামসুন নাহার, যুক্তরাজ্যভিত্তিক বাংলা টিভির কর্ণধার সৈয়দ সামাদুল হক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা আলোচনায় অংশ নেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাইজিং পথ অব ওয়ার হিরোইনসের পরিচালক শাহমিকা আগুন।