‘ভীরুতা, কাপুরুষতা ও দুর্বলতা পাপ। এগুলো থাকলে এগোনো যায় না। আমি ভয়, কাপুরুষতা দূর করতে এসেছি। এগুলো দূর না হলে দেশ এগোবে না। মরার আগে আমি দেশকে আরও উন্নত, সোনার বাংলা হিসেবে দেখতে চাই।’ এ কথাগুলো বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর; শতবর্ষেও যিনি দমার পাত্র নন। জন্মভূমিকে জননী মেনে আজও সংগ্রাম করে চলেছেন। গতকাল রোববার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিনোদবিহারী চৌধুরীকে সংবর্ধনা জানায় ইউনিট্রেন্ড লিমিটেড। এ সময় প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে এই বিপ্লবী তাঁর অতীত সংগ্রামের স্মৃতি তুলে ধরে ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে দিকনিদের্শনা দেন।বিনোদবিহারী চৌধুরী বলেন, মীরজাফরির কারণে মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশবিরোধী অনেক পরিকল্পনা সফল করা যায়নি। আজও অনেক মীরজাফর আছে। যারা পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন হোক সেটা চায়নি, তারা এখনো দেশে আছে, রাজত্ব করছে। তাদের ত্যাগ করতে হবে। এসব মীরজাফর যত দিন বিতাড়িত না হবে, শাস্তি না পাবে; তত দিন পর্যন্ত কাজ করতে হবে। যারা দেশকে বিলিয়ে দিতে চেয়েছিল, তাদের এ দেশে স্থান নেই। বিনোদবিহারী চৌধুরী সবার ঐক্য কামনা করে বলেন, ‘হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই আমার। এই দেশকে আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ হই। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হোন।’ তিনি আক্ষেপ করে বলেন, তিনি সম্মান চান না। সম্মান পাওয়ার যোগ্য মাস্টারদা সূর্য সেন। কিন্তু কয়েক বছর চেষ্টা করেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সূর্য সেন স্মারক বক্তৃতা’ চালু করতে পারছেন না তিনি। এর জন্য বিভিন্ন স্থান থেকে পাওয়া এক লাখ টাকাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছিলেন। কিন্তু সেটা দিয়ে স্মারক বক্তৃতা চালু করা সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই এ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে বিনোদবিহারী চৌধুরী সংবর্ধনা কক্ষে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁর হাতে ক্রেস্ট ও সম্মানী চেক তুলে দেন ইউনিট্রেন্ডের চেয়ারম্যান মুনির আহমেদ খান এবং ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক জুলফিকার আহমেদ। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ফাহিম মুনয়েম প্রমুখ। এরপর বিনোদবিহারী চৌধুরীর বিপ্লবী জীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখানো হয়। ইংরেজি বছরের সূচনালগ্নে ইউনিট্রেন্ড প্রতিবছর দেশের প্রতি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য একজনকে সংবর্ধনা দিয়ে থাকে। এর আগে আটজনকে এ ধরনের সংবর্ধনা দেওয়া হয়। মুনির আহমেদ খান ও জুলফিকার আহমেদ উভয়েই বলেন, বিনোদবিহারী চৌধুরীকে সংবর্ধনা দিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। তাঁরা বিপ্লবীর কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানান।