‘আমি মরিনি, বেঁচে আছি’
শোকার্ত স্বজনদের চোখের জল মুহূর্তেই শুকিয়ে গেল। মলিন চেহারায় ফুটে উঠল হাসি। কবরস্থানে এসে বাসচালক জিয়াউল ইসলাম যেই বললেন, ‘আমি মরিনি, বেঁচে আছি’ তখনই পাল্টে গেল পরিবেশ। স্বজনদের প্রশ্ন, তাহলে এ লাশ কার? এ ঘটনা ঘটেছে গত শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামে।সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কুচপুকুর গ্রামের একটি ডোবায় পড়ে ছিল একটি গলিত লাশ। লাশের হাত দুটি পিছমোড়া করে বাঁধা, গলায় দড়ি। গ্রামবাসী তাঁকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুরুল গাজীর ছেলে ট্রাকচালক জিয়াউল ইসলামের লাশ বলে শনাক্ত করেন। তাঁর পরিবারের লোকজনও ছুটে আসেন।জিয়াউলের ভাই রবিউল ইসলাম তাঁকে তাঁর ভাই হিসেবে শনাক্ত করেন। স্ত্রী নার্গিস ওই লাশ তাঁর স্বামীর বলে দাবি করেন। শুরু হয় মাতম। অবশেষে লাশ দাফনের জন্য শহরের রসুলপুর গোরস্থানে কবরও খোঁড়া হয়। ময়নাতদন্তের পর লাশ কবর দেওয়ার আয়োজনও প্রায় শেষ। দুপুর গড়িয়ে বিকেল। আকসিঞ্চকভাবে কুচপুকুর গ্রামের ভ্যানচালক শহীদুল ইসলাম (৩০) স্থানীয় আবাদেরহাট এলাকায় এসে জিয়াউল ইসলামের লাশের খবর পেয়ে জানান, তিনি নিজ চোখে কিছুক্ষণ আগে জিয়াউলকে পাশের কাথণ্ডা বাজারে দেখে এসেছেন। এ কথা শুনে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শহীদুলকে আটক করে থানায় নিয়ে যায়। ভ্যানচালকের কথায় আস্থা রেখে স্বজনেরা মুঠোফোনে জিয়াউলের সঙ্গে যোগাযোগ করেন। মুঠোফোনে অপর প্রান্ত থেকে জিয়াউল জানান, তিনি বেঁচে আছেন। কিন্তু পুলিশ ভ্যানচালককে আটকে রাখে। সন্ধ্যা সাতটার দিকে জিয়াউল ইসলাম রসুলপুর গোরস্থানে হাজির হয়ে বলেন, ‘আমি মরিনি, বেঁচে আছি।’ মুহূর্তেই পাল্টে যায় পুরো পরিবেশ।লাশটি তবে কার, এ প্রশ্নের জবাবে সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুড়ি এলাকার এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে শোনা গেছে। তাঁর স্বজনেরা না আসা পর্যন্ত বলা যাবে না লাশটি কার?