'আমি যতটা পারি, করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা বই পড়ছিলেন তিনি। পশ্চিম থেকে পূর্ববঙ্গ নাম।
৩ এপ্রিল সকালে এসেছি তাঁর বাড়িতে। ৪ এপ্রিল তাঁর ৮৫তম জন্মদিন। ভাগ্য মানি, এখনো তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
চশমাটা খুলে সামনের টেবিলে রেখে বললেন, ‘কী জানতে চাস?’
‘কেমন ছিল ষাটের দশকটা। কেমন ছিল সে সময়ের আন্দোলন?’
‘যেটা ছিল, রবীন্দ্রসংগীত গাইতে দিত না। রবীন্দ্রসংগীতের বিরুদ্ধে ওরা খুব স্ফুটভাবে বলত না কিছু। কিন্তু একটা নিষেধ বাতাসে ভাসত। সে সময় আমরা রবীন্দ্রসংগীত করতাম এটা অবশ্যই করতে হবে—এই ভেবে। যেমন একটা ব্যাপার ছিল, টিপ পরা। আমি সব সময় টিপ পরতাম বাইরে, এখনো পরি। ওরা বলত, “টিপটা...”। আমি বলতাম, “ওটা থাকবে”। কোনো দিন আমাকে দিয়ে টিপ খোলাতে পারেনি।’
‘বলছিলাম, রবীন্দ্রসংগীতকে তো আপনারা আন্দোলন হিসেবে নিয়েছিলেন...’
‘একদম ঠিক। তৎকালীন পূর্ববঙ্গে রবীন্দ্রসংগীত গাওয়া হচ্ছে আন্দোলনের ব্যাপার। আমাদের তা-ই ছিল। আমরা আন্দোলন হিসেবে এটা গাইতাম বলে এর সঙ্গে প্রাণের যোগ ছিল।’
‘১৯৬৭ সালে যখন প্রথম বর্ষবরণ অনুষ্ঠান হলো রমনা বটমূলে, সে সময়ে কোন গানগুলো হয়েছিল, মনে আছে আপনার?’
‘প্রথমটা একটু মনে আছে বৈকি। এবারও তার কিছু গান করব। গান ছিল, “আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও”। এই যে ভেতরটা আমাদের ধুলায় ঢাকা, চাপা পড়ে রয়েছে, এটা সকালবেলার আলো দিয়ে ধুয়ে যাক। এই প্রার্থনাটা আমাদের প্রেরণা দিয়েছিল। প্রথমবার নজরুলের একটা গান ছিল, ‘ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে’। এ গানটি শাহীন (সামাদ) গেয়েছিল। এ ছাড়া আরেকটা নিয়েছি এবারের প্রোগ্রামে, ২০০১ সালে বোমা বিস্ফোরণের সময় মঞ্চে বসে ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী’ গাইছিল আমাদের একটা মেয়ে নাসিমা শাহীন ফ্যান্সি, এটা গাওয়াচ্ছি ওকে দিয়ে আবার। আমরা ওটাও স্মরণ করতে চাই।’
২০০১ সালের কথা বলতে গিয়েই এল নালন্দা বিদ্যালয়ের কথা। বললেন, ‘নালন্দা কেন হলো জানিস তো? হলো ওই ২০০১ সালের বোমা বিস্ফোরণের কারণেই। আমরা আগে যে ভেবেছিলাম, গান শুনিয়ে মানুষের মনকে উদ্বুদ্ধ করছি, সেটা তো ঠিক না। যদি আমাদের গান সবার অন্তরকে স্পর্শ করত, তাহলে আমাদের বোমা মারত না। এর বাইরেও অনেক লোক আছে। এবং তার পেছনে আছে অশিক্ষা। বোমা হামলার পর কথা হলো, এভাবে হবে না। শিক্ষার দিকে যেতে হবে। সে জন্যই আমরা নালন্দাটা করেছি।’
তারপর একটু আনমনেই বললেন, ‘নগরকেন্দ্রিকতা আমাদের গণ্ডিবদ্ধ করে রাখছে। আমাদের এখন উচিত ধর্মের যে উদারতা, তা তুলে ধরা। আমরা যে ধর্মকে খারাপভাবে ব্যবহার করছি— সে আক্ষেপ তুলে ধরা। আমাদের মুক্তিযুদ্ধের মহত্ত্ব নিয়ে নাটক, গান, কবিতা—এক একটা দল করে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া দরকার। গান দিয়ে কিন্তু মানুষকে তাড়াতাড়ি আকর্ষণ করা যায়। এটা ঠিক, সুরের একটা আলাদা প্রভাব আছে।’
‘সুর কি সত্যিই এতটা প্রভাব ফেলতে পারে?’
‘আমি একটা গল্প করি সব সময়, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ শাহ বাঙালি নামে এক ভদ্রলোক ছিলেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে গান গাইতেন। যা পরিস্থিতি, সেটার বিবরণ দিয়ে তিনি গাইতেন। প্রফেসর আনিসুর রহমান আর কয়েকজন বাঘা বাঘা বুদ্ধিজীবী রাঙ্গুনিয়াতে গিয়ে মঞ্চে বসে বক্তৃতা করছিলেন। আনিসই বলেছেন আমাকে ঘটনাটা। তাঁরা বক্তৃতা করছেন। দর্শকেরা তার কিছুই বুঝতে পারছেন না। বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর পেছন থেকে মোহাম্মদ শাহ বাঙালি উঠে মাইকে পুরো বক্তব্যটা গানে বললেন। লোকের চোখ-মুখ চকমক করে উঠল। এতক্ষণে তাঁরা বুঝলেন কথাগুলো। এটা স্বাধীনতার কিছুকাল পরের ঘটনা।’
‘আপনার কি কোনো আক্ষেপ আছে?’
‘পারলাম না—এটা না ভেবে করে যেতে হবে। গঠনমূলক কাজ করতে হবেই। এটা প্রত্যয়, এটা শপথ। আমি যতটা পারি, করব। আমার বয়স হয়ে গেছে। মানুষ বড় স্বার্থকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। কিন্তু সে জন্য যে আমরা কিছু করব না, তার তো কোনো মানে নেই। এখন আগের মতো অতটা করতে পারি না, কিন্তু অন্যদের দিয়ে করাবার চেষ্টা করি। এবার পয়লা বৈশাখের থিম “আনন্দ”। শান্তি। আর সে পথেই আমরা মানবতার দিকে যাব। এটাই আমাদের পরিকল্পনা।’
বিদায় দেওয়ার পর আবার তিনি বইয়ের দিকে চোখ রাখেন। ভাবি, পঁচাশি বছর বয়সের তারুণ্য মিশে যাচ্ছে আলোকের ঝরনাধারায়।