'আমি যদি ফিরে না আসি ওদের দেখে রেখো'

“‘আমি যদি ফিরে না আসি, ওদের দেখে রেখো। অফিস থেকে ফিরে রাতে সবাইকে নিয়ে বাইরে ঘুরতে বের হব”—এই ছিল আমার সঙ্গে শেষ কথা। কথাগুলো বলেই দুপুরে বাসা থেকে বের হয়।’ গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলছিলেন গত সোমবার সন্ধ্যায় গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাঁচরন্দ গ্রামের মণীন্দ্রনাথ শীলের ছেলে বিপ্লব কুমার শীলের (৪১) স্ত্রী বীথি রানী শীল।
গতকাল সকালে বিপ্লবের বাড়িতে আলাপকালে বীথি রানী শীল জানান, প্রায় ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ঘরে দুটি কন্যাসন্তান রয়েছে। প্রথম সন্তান মিথিলা রানী বর্ষা (৭)। সে গাজীপুর সবুজ কলোনি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। ছোট ঊষা রানীর বয়স আট মাস।
বিপ্লব গাজীপুরে মালটিফ্যাবস লিমিটেডে ডাইং অপারেটর হিসেবে কাজ করতেন। সাত বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বাসা থেকে ফ্যাক্টরির দূরত্ব প্রায় এক কিলোমিটার। গত সোমবার সকালে বিপ্লব বাজার থেকে পছন্দের বোয়াল ও সরপুঁটি মাছ কিনে আনেন। দুপুরে ফিরেই তাড়াহুড়ো করে এক টুকরো বোয়াল ও সরপুঁটি মাছ খেয়ে ছোট মেয়েকে কোলে তুলে শুধু বলেন, ‘আমি যদি ফিরে না আসি, ওদের দেখে রেখো।’ এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বীথি রানী শীল। তিনি বলেন, ‘ওর সৎকার করার মতো কোনো অর্থকড়ি রেখে যায়নি। কীভাবে ধর্মীয় আনুষঙ্গিক কাজ করব?’
পাশে বসে থাকা বিপ্লবের বড় ভাই মন্টু কুমার শীল বলেন, ‘প্রায় চার বছর ধরে আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি। আরেক ভাই মানসিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ছিল বিপ্লব। গত ২৯ জুন সকাল ১০টার দিকে ফোনে ওর সঙ্গে শেষ কথা হয়। সেদিন বলেছিল আজ (বৃহস্পতিবার ৬ জুলাই) বাড়ি ফিরে আসবে। নতুন ঘর তুলবে। সেটা ঠিক করতেই বাড়ি আসার কথা। আর বলেছিল, “দাদা, আমি বাড়িতে সুন্দর একটা ঘর তুলব। সেখানে সবাই একসঙ্গে থাকব।’”