
নিজেকে অসফল মনে করেন দুর্নীতি দমন কমিশনের (বিদায়ী) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, ‘ছোটখাটো কিছু সফলতা থাকলেও বিস্তৃত পরিধিতে আমি নিজেকে সফল মনে করছি না। আমার চার বছরেও আমি দুদকের আইন সংশোধন করতে পারিনি।’ গতকাল বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। নিজের চার বছরে আলোচিত কয়েকটি মামলা ও সেগুলোর আইনি প্রক্রিয়ায় ধীরগতির সমালোচনা করেন তিনি। এ সময় তিনি আবারও দুদককে নখদন্তহীন বাঘের সঙ্গে তুলনা করেন।
গোলাম রহমান নিজের চার বছরের সংক্ষিপ্ত রূপ তুলে ধরে বলেন, ‘না, আমি সফল নই। তবে কিছু কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে, সেগুলো বিবেচনা করবে জনগণ। যদি দুর্নীতির দায়ে দ্রুত বিচার করে অপরাধীদের শাস্তি দিতে পারতাম, তাহলে নিজেকে সফল মনে করতাম। চার বছরে নিজেকে হতাশ মনে হয়েছে। তবে বিষয়টি আমার হাতে নেই। আইনের সীমাবদ্ধতার জন্য কিছুই করা যায় না।’
দন্তহীন বাঘ: ২০০৯ সালে দুদকে যোগদানের পর ১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান বলেছিলেন, ‘দুদক এখন একটি দন্তহীন বাঘ। এর সঙ্গে বাঘের সব নখ কেটে দেওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে ক্ষমতাহীন করার প্রক্রিয়া চলছে।’ চার বছর পর একই বাক্য ফের ব্যবহার করেন তিনি। নিজ প্রতিষ্ঠানের সমালোচনা করে তিনি বলেন, ‘দুদকের বিশাল কর্মকাণ্ড। সারা দেশে ২২টি সমন্বিত কার্যালয়। ছয়টি বিভাগীয় অফিস। এত বড় সদর দপ্তর। কথা হচ্ছে, এর রেজাল্ট কী? রেজাল্ট কিছুই না। দুদক কি তাহলে টুথলেস টাইগার না? দুদক টুথলেস টাইগারই রয়ে যাবে, যদি আইনের সংশোধন করে একে শক্তিশালী না করা হয়।’ গোলাম রহমান আরও বলেন, ‘আমি মাঝে মাঝে বলি, বাঘে ধরলে ১৮ ঘা, পুলিশে ধরলে ২১ ঘা আর দুদক ধরলে ৩১ ঘা। এখন দুদকের শুধু ঘা’টাই আছে, আর কিছু নেই।’ আইনি প্রক্রিয়ায় ফাঁকের সুযোগ নিয়ে দুর্নীতির অপরাধীরা পার পেয়ে যায় বলে মন্তব্য করেন গোলাম রহমান। তিনি বলেন, হল-মার্কের আসামি আদালতে গিয়ে জামিন চেয়ে পেয়েও যান, অথচ আদালতের পক্ষ থেকে দুদক কর্তৃপক্ষকে কিছুই জানানো হয় না। একইভাবে বর্তমান বিচারব্যবস্থা ও একাধিক আইনি জটিলতায় দুদক কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।’
আবুল কেন আসামি হবে: গোলাম রহমান মনে করেন, ‘সন্দেহের বশে’ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদ্মা সেতু প্রকল্পে আসামি করতে বলেছিল বিশ্বব্যাংক। তিনি আরও বলেন, ‘ওরা (বিশ্বব্যাংক) একজন ভদ্রলোককে (সাবেক মন্ত্রী) এফআইআরে আসামি করতে বলেছিল। আসামি করা হয়নি। উনি একটি মন্ত্রণালয়ের প্রধান, এ কারণে তাঁর সম্মতি ছাড়া কিছুই হয়নি—এমন সন্দেহে তাঁকে আসামি করতে বলেছে।’ দুদকের তদন্ত দল বিষয়টি আইনগতভাবে দেখছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁকে আসামি করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাঁকে আসামি করা হয়নি। তবু তাঁর নাম এজাহারে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।’ তিনি মনে করেন, বিশ্বব্যাংকের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে দুদকের তদন্ত দেখার জন্য আরেকটু সময় নেওয়া উচিত ছিল।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান সম্পর্কে বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ উল্লেখ করে গোলাম রহমান আরও বলেন, ‘বিশ্বব্যাংক মসিউরকে নিয়ে অনেক হইচই করেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগও করেছিল। তাঁকে সরিয়ে দিতে পরামর্শ দিয়েছে। আমরাও মসিউরকে দুদকে এনে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু বিশ্বব্যাংকের চূড়ান্ত প্রতিবেদনে তাঁর নামগন্ধও নেই। এ পর্যন্ত ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কেউ-ই মসিউরের সংশ্লিষ্টতার কথা বলেননি। অথচ বিশ্বব্যাংক বিশেষ এই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ এনেছিল।’
গোলাম রহমান ২৩ জুন দুদকের চেয়ারম্যানের পদ থেকে অবসর নেবেন।