রাস্তায় তরকারি বিক্রেতা মফিজুর রহমানের সঙ্গে চলতি পথে নানাজনের কথাবার্তা হয়। খেয়ে না-খেয়ে সংসার চলে তাঁর। এরই মাঝে তাঁর পরিবারে একটি শিশুর জন্ম হয়। নিজের হাজারো দুঃখ-কষ্টের মধ্যেও মনে মনে আশা ছিল, ছেলেকে এ পথে নামাবেন না। লেখাপড়া শিখিয়ে মানুষ করবেন। তাঁর সে চেষ্টার প্রাথমিক ধাপে তিনি সফলও হলেন। ছেলে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় হয়নি। অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে—কনকর্ড গ্রুপ আর ফয়’স লেক অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড আয়োজিত বৃত্তিদান অনুষ্ঠানে এভাবে নিজের জীবনের গল্প শুনিয়েছেন ‘অদম্য মেধাবী’ মো. ইয়াসীন মিয়া। গল্পের শেষে ইয়াসীন বলে, ‘আমি সেই তরকারি বিক্রেতা মফিজুরের ছেলে ইয়াসীন। আমি কৃতজ্ঞ আমার চরম দারিদ্র্যক্লিষ্ট বাবা-মা ও কনকর্ড গ্রুপের কাছে।’ইয়াসীনকে গত বছর বৃত্তি দেওয়া হয়। সে এ বছর চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। জানা যায়, ঘরে কেরোসিন তেলের অভাবে বাতি জ্বালানো সম্ভব হয়নি বলে ইয়াসীন রাতের বেলা পড়তে পারত না। দিনের বেলায়ই তাকে পড়ালেখা শেষ করতে হতো। ‘প্রজন্ম গড়ার প্রত্যয়’ এ স্লোগানে গতকাল শুক্রবার বিকেলে নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে বৃত্তিদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন, ভাইস চেয়ারম্যান ফরিদা কামাল, ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘সঠিক শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ পেলে আমার দেশের প্রতিটি মানুষ সম্পদে পরিণত হতে পারে। আমরা এ বিশ্বাস থেকে মানবসম্পদ উন্নয়নে ২০১০ সাল থেকে এ বৃত্তি কার্যক্রম চালু করেছি। আমাদের ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’গতকাল বৃত্তিদান উপলক্ষে ফয়’স লেক অ্যামিউজমেন্ট শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর ছিল। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ১০টি স্কুলের ছেলেমেয়েরা নাচে-গানে ভরিয়ে তোলে পুরো আয়োজন। অনুষ্ঠানে চট্টগ্রামের সেরা ১০টি স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়। একই সঙ্গে ওই ১০টি স্কুলের শ্রেষ্ঠ ১০ জন শিক্ষককেও পুরস্কার দেওয়া হয়। স্কুলগুলো হচ্ছে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলিজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সরকারি মুসলিম হাইস্কুল ও সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষকেরা হলেন: মমতা বেগম, মাসুদ ইবনে আলম, সালমা বেগম, আয়েশা খাতুন, সিরাজুল ইসলাম, মরিয়ম বেগম, মো. আজিজুল হক নিজামী, আফছানা জাহান, মোসতোফা জাহিদুল হক ও সাইলা দত্ত। বৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থীর হাতে ২৫ হাজার টাকার চেক এবং শিক্ষকদের প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। এতে প্রতিটি স্কুলের চারজন করে ১০টি স্কুলের ৪০ জনকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণীর একজন করে এবং পুরো স্কুলের দুজন অদম্য মেধাবী শিক্ষার্থী রয়েছে।