‘আমি স্ত্রীকে হত্যা করেছি আমাকে পুলিশে দিন’
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। গত মঙ্গলবার রাতে সিলেট নগরের আখালিয়া এলাকার পনিটুলা মহল্লায় এ ঘটনা ঘটে।স্থানীয় জনতা ঘাতক স্বামী কাজল দত্তকে (৩৬) রক্তমাখা দাসহ আটক করে পুলিশে দিয়েছে। কাজল পুলিশের কাছে খুনের দায় স্বীকার করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ১৯৯৯ সালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার সদরপুর গ্রামের রাজমিস্ত্রি কাজল দত্তের সঙ্গে পারিবারিকভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলার মণি রানী পালের (২৮) বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে কাজল সিলেট নগরের আখালিয়ার পনিটুলা সি ব্লকের ২০ নম্বর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। ১১ বছরেও কোনো সন্তান না হওয়ায় মণি ও কাজলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর পর মণি ঘুমিয়ে পড়েন।রাত দেড়টার দিকে ঘরে থাকা দা দিয়ে মণির গলা, মাথা, পেট ও বাঁ পায়ে কুপিয়ে জখম করেন কাজল। মণির চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন। তাঁরা দেখতে পান, কাজল রক্তমাখা দা নিয়ে চিৎকার করে বলছেন, ‘আমি স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছি! আমাকে পুলিশে দিন...।’ প্রতিবেশীরা কাজলকে আটক করে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানায় খবর দেন। মণিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মণিকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা দাসহ কাজলকে গ্রেপ্তার করে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হামিদ মণির লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, শরীরের বিভিন্ন অংশে দা-এর প্রায় সাতটি কোপ রয়েছে। হাত, পা, ঘাড় ও পেটে জখম বেশি। অতিরিক্ত রক্তক্ষরণে মণি মারা গেছেন।গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে মণির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের আলামত হিসেবে রক্তমাখা দা জব্দ করা হয়েছে। নিহত মণির ছোট বোন সুমা পাল একই এলাকায় স্বামীকে নিয়ে বসবাস করেন। সুমা প্রথম আলোকে জানান, বোনের বাচ্চা না হওয়ায় প্রায় এক বছর ধরে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দেওয়ার জন্য মণিকে চাপ দিচ্ছিলেন কাজল। মণি রাজি না হওয়ায় প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া হতো। সম্প্রতি কাজল একটি মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নেন।খুনের ঘটনায় মণির ভাই বাপন পাল বাদী হয়ে কাজলকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। বাপন পাল জানান, তাঁরা ছয় বোন ও এক ভাই। মণির সন্তান না হওয়ায় তিনি স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন। নির্যাতনের শিকার হওয়ার কথা মণি প্রায়ই ভাইবোনদের জানাতেন।তবে থানাহাজতে আটক কাজল দাবি করেন, পরকীয়ার কারণে তিনি মণিকে খুন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ওই রাতে তিনি স্ত্রীর কক্ষে এক যুবককে দেখে ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটান। সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, পারিবারিক কলহের জের ধরে মণিকে কাজল খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।