'আমি হাতিয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নলচিরা লঞ্চঘাট থেকে উপজেলা সদর ওছখালী পর্যন্ত নির্মাণ করা হয়েছে ২০টি বিশাল তোরণ। উপজেলা সদর ওছখালী ছেয়ে গেছে বিশাল বিশাল ডিজিটাল ব্যানারে। উপজেলা পরিষদ ভবন দেখে মনে হচ্ছে, বিয়ে অনুষ্ঠানের জন্য সাজানো কোনো কমিউনিটি সেন্টার।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ (নোয়াখালী-৫) একরামুল করিম চৌধুরী আজ শনিবার হাতিয়ায় আসবেন। তাই হাতিয়ায় এত সব আয়োজন। একরামুল করিম চৌধুরী হাতিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
একরামুল করিমের হাতিয়া সফরকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দিনভর উপজেলা পরিষদের সামনের এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসার সামনের রাস্তায় চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। উপজেলার বিভিন্ন ভবনের দেয়ালে লাগানো হয়েছে অসংখ্য পোস্টার।
হাতিয়া উপজেলা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দেয়ালে লাগানো হয়েছে একটি ডিজিটাল ব্যানার। সেখানে লেখা আছে, ‘আমি হাতিয়ার, হাতিয়া আমার।’ ব্যানারে উল্লেখ করা হয়েছে, বক্তব্যটি একরামুল করিম চৌধুরীর।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিউদ্দিন প্রথম আলোকে জানান, প্রতিটি তোরণ তৈরিতে ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একরামুল করিম চৌধুরী হাতিয়া থেকে (নোয়াখালী-৬ আসন) দলের মনোনয়ন চাইবেন।
এদিকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বোঝা যায়, তাঁদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেকের মনে প্রশ্ন—শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ হবে না তো?
প্রসঙ্গত, হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষে আছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আলী এবং হাতিয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম ইউছুফ আলী।
অপর পক্ষে আছেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ। একরামুল করিম চৌধুরী ওয়ালী উল্লাহ ও মহি উদ্দিন আহমেদের পক্ষকে সমর্থন দিচ্ছেন।