পাবনার ৫০ হাজার তাঁতির দেখভালের দায়িত্ব বাংলাদেশ তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টারের। সাঁথিয়া পৌর এলাকার হাফিজিয়া মাদ্রাসার পাশে অবস্থিত এই কার্যালয়টি তাঁতিদের কী আর দেখভাল করবে, একে দেখভাল করারই কেউ নেই।গুরুত্বপূর্ণ এই কার্যালয়টিতে সাতজন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। প্রয়োজনীয় লোকবল না থাকায় জেলার তাঁতিদের মধ্যে ঋণ দেওয়া দুই কোটি ৫৪ লাখ টাকা আদায় যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি নতুন ঋণ প্রদানও একরকম বন্ধ রয়েছে। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ কার্যালয়টি এখন গোচারণ ভূমিতে পরিণত হচ্ছে। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে এর মূল্যবান আসবাব ও কাগজপত্র। সব মিলিয়ে এ কার্যালয়টি এখন তাঁতিদের তেমন কোনো কাজেই আসছে না। তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টার সূত্রে জানা যায়, তাঁতসমৃদ্ধ পাবনা জেলার জন্য ১৯৯০ সালে সাঁথিয়া উপজেলা সদরে ৫১ শতাংশ জায়গার ওপর প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সাঁথিয়া বেসিক সেন্টার কার্যালয়টি নির্মাণ করা হয়। নির্মাণের পর কার্যালয়টি কয়েক বছর ধরে তাঁতিদের মাঝে ঋণ বিতরণসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। এতে তাঁতিরা ভালোই উপকৃত হচ্ছিলেন। কিন্তু লোকবলের অভাব ও তাঁত বোর্ডের অবহেলার কারণে এ কার্যালয়ের এখন বেহাল দশা। এ কার্যালয়ে একজন লিয়াজোঁ কর্মকর্তা, তিনজন ফিল্ড সুপারভাইজার, একজন অফিস সহকারী, একজন বার্তাবাহক ও একজন নিরাপত্তা প্রহরীসহ মোট সাতজন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও শুধু ফিল্ড সুপারভাইজার পদে মিজানুর রহমান নামের একজন কর্মরত রয়েছেন। তিনি ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। মিজানুর রহমান বলেন, ‘এই অফিসে আমিই ঝাড়ুদার, আমিই অফিসার। সাতজনের কাজ আমাকে একা সামলাতে হয় বলে কাজে চরম ব্যাঘাত ঘটছে। আমাকে অফিসে বসে যেমন কাজ করতে হয়, তেমনি মাঠপর্যায়ে তাঁতিদের মাঝে গিয়েও কাজ করতে হয়। মাঠপর্যায়ে কাজ করতে গেলে অফিসে তালা দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তখন তাঁতিসহ অনেকেই অফিস তালাবদ্ধ দেখে ফিরে যায়।’সাঁথিয়া বেসিক সেন্টার কার্যালয়ে গিয়ে দেখা যায়, এতে বিদ্যুৎ-সংযোগ নেই, মেইন গেট ও দরজা-জানালা ভাঙা, পানির ব্যবস্থা নেই, গ্যাস নেই, আসবাব ভাঙাচোরা ও কার্যালয়ের দক্ষিণ পাশের প্রাচীর পুরোটাই ভাঙা। ফলে এখানে অবাধে গরু-ছাগল বিচরণ করে। সামান্য বৃষ্টিতেই জানালা ভাঙা থাকায় কক্ষের মধ্যে পানি ঢুকে মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। এ ছাড়া তেলাপোকা ও ইঁদুরের কারণেও কাগজপত্র নষ্ট হচ্ছে। ফ্যামিলি কোয়ার্টার থাকলেও সেখানে কেউ না থাকায় অযত্ন-অবহেলায় ভবনটি ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, ভবনটিতে সাপ, পোকা-মাকড় বাসা বেঁধেছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সাল থেকে এ কার্যালয়টি জেলার দুই হাজার ১০০ তাঁতির মধ্যে তিন কোটি ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। তাঁতশিল্পের বিপর্যয় ও কার্যালয়টিতে লোকবলের অভাবের কারণে এ পর্যন্ত মাত্র ৯৬ লাখ টাকা ঋণ আদায় হয়েছে বলে জানা গেছে। বাকি দুই কোটি ৫৪ লাখ টাকা আদায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ছাড়া বেশ কয়েক বছর ধরে তাঁতিদের চরম দুঃসময় চললেও নতুন করে ঋণ প্রদান প্রায় বন্ধ রয়েছে।ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘গোটা জেলায় তাঁতিদের নিয়ে ৯৫টি সমিতি রয়েছে। এর মধ্যে আমি ঘুরে ঘুরে পাঁচ থেকে ছয়টি সমিতির তাঁতিদের কাছ থেকে কিছুটা ঋণ আদায় করতে পারছি। নিয়ম অনুযায়ী যেসব এলাকা থেকে ৬০ ভাগ ঋণ আদায় হবে, সেসব এলাকায় ঋণ দেওয়া যাবে। সেই হিসেবে দু-একটি এলাকায় ঋণ দেওয়া গেলেও বেশির ভাগ এলাকায় ঋণ দেওয়া যাচ্ছে না। অথচ আমাদের কার্যালয়ে প্রয়োজনীয় লোকবল থাকলে ঋণ আদায় ও বিতরণ সহজ ব্যাপারে এসে দাঁড়াত।’