'আমিই বাংলাদেশের' আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের ব্যক্তিগত সফলতা খুবই জরুরি। তেমনি ভালো কাজের জন্য একজনের যাত্রাই যথেষ্ট। একজন যাত্রা করলে সবাই ধীরে ধীরে এগিয়ে আসবে। একদিন আমিই বাংলাদেশ হয়ে উঠবে আমরাই বাংলাদেশ।’
আজ সোমবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে প্রথম আলো-গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আমিই বাংলাদেশ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
গত বছর থেকে প্রথম আলো আমিই বাংলাদেশ দেশে-বিদেশে বাংলাদেশের মানুষের নানা ইতিবাচক কাজ বিশ্বের সামনে তুলে ধরছে। এই সফল মানুষগুলোকে উত্সাহিত করতে এসব প্রতিবেদন প্রকাশ করা শুরু হয়। এই উদ্যোগকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘যে তরুণদের কাজ অন্যদের স্বপ্ন দেখায়, তাদের আমরা সবার সামনে নিয়ে আসতে চাই। এভাবে তাদের কাজে আরও শত শত তরুণ উত্সাহিত হবে, স্বপ্ন দেখবে, নতুন নতুন চিন্তা করবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমিই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নতুন করে যাত্রা শুরু করল।’
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘যে তরুণেরা শত প্রতিবন্ধকতাকে পেছনে ঠেলে দিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছে, তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে চলছে। তাদের অসামান্য কাজগুলোকে সবার সামনে তুলে ধরতে এই প্রয়াস শুরু হয়। এটি আরও বড় পরিসরে করা হবে।’
গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমীদ আজিজুল হক বলেন, ‘আমরা সব সময় সমাজের অগ্রগতির সঙ্গে যুক্ত হতে চাই। আমিই বাংলাদেশ তেমনি একটি ভাবনা। এই উদ্যোগের সঙ্গে থেকে গ্রামীণফোন গর্বিত।’
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ধারাবাহিকভাবে আমিই বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হবে। এ ছাড়া প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পরবর্তীকালে বই প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে ব্লগার সাবরিনা সুলতানা, প্রোগ্রামিংয়ের বৈশ্বিক বিচারক শাহরিয়ার মঞ্জুর, তরুণ উদ্যোক্তা বিপাশা মতিন ও ভেড়ামারা থেকে আউটসোর্সিং কাজে যুক্ত রাসেল আহমেদকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। প্রথম আলোতে এ পর্যন্ত ৩১ জনকে নিয়ে আমিই বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়েছে। এই চারজন তাদের অন্যতম।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে সাবরিনা সুলতানা বলেন, এ ধরনের উদ্যোগে আরও অনেকে উত্সাহিত হবে। শাহরিয়ার মঞ্জুর বলেন, এই উদ্যোগ প্রকৃত অর্থে ব্যতিক্রমধর্মী। বিপাশা মতিন বলেন, ‘যে কাজে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, আমরা সেই কাজের সঙ্গে আছি।’ রাসেল আহমেদ বলেন, ‘সুবিধাবঞ্চিত থেকে আমি এই পর্যায়ে এসেছি। সুবিধাবঞ্চিতদের আরও সামনের দিকে নিয়ে যেতে চাই।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুল হক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।