‘আমিন চেয়ারম্যানের অফিসে হত্যার পরিকল্পনা হয়েছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুর রহমান চৌধুরীর (আমিন চেয়ারম্যান) অফিসে চট্টগ্রামের বাঁশখালীতে ১১ হত্যার পরিকল্পনা হয়েছিল বলে আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য বিমল শীল। গতকাল রোববার চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালতে তিনি সাক্ষ্য দেন। প্রায় এক ঘণ্টার সাক্ষ্যে বিমল শীল ঘটনার পরিকল্পনা ও ঘটনা-পরবর্তী কিছু বিষয়ে আদালতে বর্ণনা দেন। তাঁর সাক্ষ্য অসমাপ্ত রেখেই গতকাল আদালতের কার্যক্রম শেষ হয়। আগামী ১৭ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। সাক্ষ্যের একপর্যায়ে আসামিপক্ষের আইজীবীরা অভিযোগ করেন, সাক্ষী আদালতে এজাহারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন, যা আইনসম্মত নয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এজাহারের বাইরেও সাক্ষ্যে মামলাসংক্রান্ত প্রয়োজনীয় বক্তব্য দেওয়ার বিধান আছে। সাক্ষ্যের জন্য নির্ধারিত পরবর্তী দিনে এ-সংক্রান্ত আইন উপস্থাপন করতে দুই পক্ষের আইনজীবীদের নির্দেশ দেন আদালত। সাক্ষ্যে বিমল শীল বলেন, ‘চট্টগ্রাম শহরের বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ড এলাকায় ১১ হত্যা মামলার আসামি সন্ত্রাসী মো. ইউনূস ভোর পাঁচটার দিকে এই মামলার সাক্ষী হোছনে আরা বেগমের ছেলে মোজাহেদ আলীকে অপহরণ করার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-পুলিশের একটি টহল দল সন্ত্রাসী মো. ইউনূসসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।’ তবে কোন সালের কত তারিখে ইউনূস গ্রেপ্তার হন, তা সাক্ষ্যে উল্লেখ করেননি বিমল। ইউনূস গ্রেপ্তার হওয়ার ঘটনার বর্ণনা করে বিমল শীল সাক্ষ্যে বলেন, ‘র‌্যাব পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা ইউনূসকে জিজ্ঞেস করেন, “আপনি বাঁশখালীর ১১ হত্যা সম্পর্কে কী জানেন?” তখন সন্ত্রাসী ইউনূস বলেন, “৫ নম্বর কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর অফিসে কিছু সন্ত্রাসীর উপস্থিতিতে ১১ হত্যার পরিকল্পনা করা হয়েছিল।”’ আদালতে দেওয়া সাক্ষ্যে বিমল শীল বলেন, ‘সন্ত্রাসী কাকে কত টাকা দিয়েছিল এবং দাহ্য পদার্থ সরবরাহ করেছিল ও কীভাবে আগুন ধরিয়েছিল, তার বিস্তারিত বর্ণনা দেন সন্ত্রাসী ইউনূস। ধারণকৃত একটি অডিও ক্যাসেটে বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি। বর্তমানে অডিও ক্যাসেটটি আদালতে জমা আছে।’ হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে আমিনুর রহমান চৌধুরীর ভূমিকা উল্লেখ করে সাক্ষ্যে বিমল শীল বলেন, ‘নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমিনুর রহমান চৌধুরী আমাদের পোড়াবাড়িতে আসে। সেখানে আমার ভাই সুনীল শীল ও নির্মল শীল, আমার কাকা শচীন্দ্র শীল, আমার চাচাতো ভাই বাদল শীলের কাছ থেকে চাপ প্রয়োগ করে একটি কাগজে স্বাক্ষর নেয়। এতে প্রতীয়মান হয়, আমিনুর রহমান চৌধুরী এ ঘটনার সাথে জড়িত।’ আদালতে দেওয়া সাক্ষ্যে বিমল শীল আরও বলেন, ‘এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী মো. দেলোয়ার ও জাফরুল ইসলাম ওরফে জাফর বলেছেন, দুর্গাপুকুর নিয়ে মনমোহন শীলের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলে আসছিল। পুকুরসংলগ্ন আমাদের [বিমল] জমি ও বাড়ি-ভিটা। একদিন নুরুল ইসলাম মনমোহনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে গুনাগরী খাসমহলে আমার [বিমল] ওষুধের দোকানের পাশ দিয়ে আমিন চেয়ারম্যানের মার্কেটে একটি গোপন কক্ষে নিয়ে গিয়েছিল। নুরুল ইসলাম মনমোহন শীলকে জোরপূর্বক একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করায় নুরুল ইসলাম মনমোহনকে কেটে ১০ টুকরা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে। তখন প্রাণভয়ে মনমোহন শীল দ্রুত স্ট্যাম্পে স্বাক্ষর করে। পরে মনমোহন শীল আমার বাবা তেজেন্দ্র শীলকে এ বিষয়ে বিচার দেন।’প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৯ এপ্রিল ৩৭ জন আসামির বিরুদ্ধে এ মামলায় নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে খুন’-এর পরিবর্তে ‘সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুন’-এর অভিযোগ আনা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় ঘটনার অন্যতম আসামি বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।