'আর একটি শিশুহত্যাও দেখতে চাই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একের পর এক শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা আর সম্পূর্ণ নিরাপদ নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে নানা ধরনের নির্যাতনের পাশাপাশি অনেক শ্রমজীবী শিশুকেই বর্বরোচিত হত্যার শিকার হতে হচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত আর সর্বস্তরে সচেতনতা না বাড়ালে এসব ঘটনা ঘটতেই থাকবে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় শিশু নির্যাতনবিরোধী এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। নারায়ণগঞ্জে শ্রমজীবী শিশু সাগর বর্মণ হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্‌যাপন পরিষদ। মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি শ্রমজীবী শিশুরাও অংশ নেয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশু সংগঠক নারগিস সুলতানা। এতে আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের সহকারী পরিচালক আনজুমান বানু লিমা, কর্মসূচি ব্যবস্থাপক টুটুল কুমার দাশ, সিরাজুল ইসলাম, অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের (অপকা) সমন্বয়কারী শাহাদাত হোসাইন চৌধুরী, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) আঞ্চলিক সমন্বয়কারী পিযূষ দাশগুপ্ত, উৎসের অ্যাডোলসেন্ট ফোরামের সদস্য হাবিবা রিমা, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের প্রতিনিধি শাহরিয়ার তামিম সৌরভ প্রমুখ।

মানববন্ধনে বাংলাদেশ নারগিস সুলতানা বলেন, ‘বারবার শিশু নির্যাতন করার পরও অপরাধীরা অনেক সময় পার পেয়ে যাচ্ছে। শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুর জন্য নিরাপদ আবাস গড়ে তোলার দায়িত্ব দেশের সব নাগরিকের। বাংলাদেশে আমরা আর একটি শিশুহত্যাও দেখতে চাই না।’