'আর কখনো মাদক ব্যবসা করব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল সাড়ে চারটা। পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া মাদ্রাসা মাঠে শত শত মানুষ। সামনে একটি মঞ্চ। সেখানে উঠে আসেন ২৪ জন মাদক ব্যবসায়ী। গতকাল শনিবার তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ওই মাদক ব্যবসায়ীদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার আলমগীর কবির। তাঁরা শপথ করে বলেন, ‘আর কখনো মাদক ব্যবসা করব না।’ এ সময় লোকজন মুহুর্মুহু করতালি দিয়ে তাঁদের স্বাগত জানান।
পুলিশ জানিয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ৩ থেকে ১৪টি পর্যন্ত মামলা রয়েছে। এখন তাঁরা অনুতপ্ত, স্বাভাবিক জীবনে ফিরতে চান। প্রত্যেকে আর মাদকের ব্যবসা করবেন না বলে একটি করে অঙ্গীকারনামা পুলিশকে দিয়েছেন। পুলিশ তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার আলমগীর কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক শেখ মোহাম্মাদ হাশেম আলী, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, ইউএনও রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) আবু যাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া পুরোনো রেললাইন পাড়ার শামসুল মণ্ডল বলেন, এখন থেকে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে চান। মাঝদিয়া গ্রামের নিহারুল ইসলাম বলেন, মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে এলাকার লোকেরা তাঁকে বাঁকা চোখে দেখতেন।
স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেওয়া মাদক ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সুন্দর জীবন যাপন করুন। দরকার হলে আমরা চাঁদা তুলে আপনাদের সন্তান ও পরিবারের বাঁচার ব্যবস্থা করব।