‘আর কত গুলি খাইমু আমরা’
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন কামাল হোসেন (২৫) ও আবদুল মান্নান (৩৫)। সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। গত রোববার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে তাঁরা আহত হয়েছেন। কামালের কোমরে আর মান্নানের পায়ে গুলি লেগেছে। ছেলে মান্নান আর নাতি কামালের শয্যাপাশে বসে থাকা শামসুন্নাহারের চোখও ছিল অস্রুসজল। শামসুন্নাহার বলেন, ‘সীমান্তে থাকি ৬০ বছর ধরি। ই-রকম গুলি ও তাড়ানি আর কোনোকালে তো দেখছি না। অখনে বারবার একই কাণ্ড ঘটে কেনে, দেখার কী কেউ নাই...আর কত গুলি খাইমু আমরা?’ এ প্রশ্ন শুধু শামসুন্নাহারের নয়, সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকার মানুষের। গত রোববার জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের অনুপ্রবেশে বাধা দেওয়ায় তাদের ছোড়া গুলি আর তীর-ধনুকে আহত হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে গুলি লেগেছে। এ পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, শারীরিক যন্ত্রণার পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও তাঁরা শঙ্কায় আছেন। কোমরে গুলি লেগেছে কয়েস-উল ইসলামের (১৬)। তার বাড়ি মনিটিলা সীমান্তের কাছাকাছি কেন্দ্রিগ্রামে। কয়েস জানায়, ‘দেশের জমিন রক্ষার লাগি গেছিলাম। জমিন না থাকলে তো বাপ-চাচার ভিটা থাকত নায়।’ কয়েসের চাচা মনাই মিয়া বলেন, ‘অন্যবার তো প্রতিরোধে থাকত বিডিআরও। ই-বার একবারে একলা আছিল পাবলিক। ই-ফিরা ক্ষোভ বেশি আছিল মানুষের। এর লাগিই বিডিআর ক্যাম্প ভাঙচুর করে রাস্তা আটকাইছিল মানুষ।’সীমান্তবর্তী এলাকার মানুষ জানায়, জৈন্তাপুর সীমান্তের ১২৭৯ ও পার্শ্ববর্তী শ্রীপুর সীমান্তের ১২৮২ পিলারের অভ্যন্তরে বাংলাদেশের ভূখণ্ডের জমির কর্তৃত্ব নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ চলে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ওই এলাকার ডিবির হাওর ও কেন্দ্রিবিলে মাছ ধরার জন্য ভারতীয় খাসিয়ারা কয়েক দফা অনুপ্রবেশ করে। গত ১৪ মার্চ বিএসএফ ও খাসিয়াদের গুলিতে আহত হন ১৯ বাংলাদেশি। প্রত্যক্ষদর্শীরা বলেন, গত রোববার দুই দফা অনুপ্রবেশকালে প্রথম দফায় তাদের হাতে তীর-ধনুক দেখা গেছে। দ্বিতীয় দফায় তারা গুলি করেছে।নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ আলী বলেন, সর্বশেষ ঘটনায় দেখা গেছে, খাসিয়ারা বিএসএফের সহায়তায় অনুপ্রবেশ করে। অন্যদিকে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এলাকাবাসী নিজেরাই প্রতিরোধে নামে। বিডিআর সতর্ক থাকলেও এলাকাবাসীর এ প্রতিরোধের সময় তারা কেবল দর্শকের ভূমিকা পালন করেছে।গত রোববারের ঘটনায় বিডিআরের ভূমিকা সম্পর্কে ২১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কুহিনূর আলম প্রথম আলোকে বলেন, ‘সীমান্তের সার্বিক অবস্থা প্রতি মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিডিআর ব্যবস্থা নেয়।’