'আর কত জান গেলে তাঁদের হুঁশ হবে?'
‘দুই নেত্রীর আপস না হওয়ায় আজ আমার স্বামীর জান গেল। আর কত জান গেলে তাঁদের হুঁশ হবে?’ এভাবেই বিলাপ করছিলেন মোস্তাফিজুর রহমানের (৪০) স্ত্রী বীণা সুলতানা।
মোস্তাফিজুর গত রোববার রাতে সাভার সেনানিবাসের সামনে হরতাল-সমর্থকদের ছোড়া পেট্রলবোমায় গুরুতর আহত হন। গত সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাঙাপাড়া গ্রামের হায়েজ উদ্দিনের ছেলে। ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্রয় কর্মকর্তা ছিলেন। স্ত্রী বীণা সুলতানা, দুই সন্তান মাহি (৭) ও মৌসুমীকে (৩) নিয়ে তিনি নবীনগরে থাকতেন।
বীণা সুলতানা জানান, রোববার খুব সকালেই অফিসে রওনা হয়েছিলেন মোস্তাফিজুর। পরে মুঠোফোনে জানান, অফিসের কেনাকাটার জন্য ঢাকায় যেতে হবে, ফিরতে একটু রাত হবে। রাতের খাবার না খেয়ে দুই সন্তানকে নিয়ে বাসায় অপেক্ষা করছিলেন বীণা।
মোস্তাফিজুরের বৃদ্ধ বাবা ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। মা জাহানারা খাতুন শোকে মূর্ছা যাচ্ছিলেন।