'আর কত নারীর সম্ভ্রম দিলে রাষ্ট্র তুমি জাগবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল শনিবার একাধিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।
‘ঢাকার রাস্তায় নারী ধর্ষণের প্রতিবাদে’ গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও আলোক প্রজ্বালন করেছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট। এতে সংহতি জানায় গারো স্টুডেন্ট ইউনিয়ন। এই সংগঠনের ব্যানারে প্রশ্ন রাখা হয়, ‘আর কত নারীর সম্ভ্রম দিলে রাষ্ট্র তুমি জাগবে?’।
মানববন্ধনে মানবাধিকারকর্মী খুশী কবির, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, জামশেদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের সদস্যসচিব সঞ্জীবন এস চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আগামী মঙ্গলবার বিকেল পাঁচটায় একই দাবিতে একই স্থানে ছাত্র-জনতার সমাবেশ ও মশাল মিছিল হবে। এর মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাঁরা ‘হে রাষ্ট্র নারীর নিরাপত্তা কোথায়?’, ‘ধর্ষণকারীদের ফাঁসি চাই’, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত কর’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সন্ধ্যায় মোমবাতি জ্বেলে তাঁরা শহীদ মিনারে যান।
গত বৃহস্পতিবার রাতে কুড়িল বাসস্ট্যান্ড থেকে গারো সম্প্রদায়ের এক তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি পোশাকের দোকানে কাজ করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শুক্রবার ভাটারা থানায় মামলা হয়েছে।
গতকাল বিকেলে প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। আয়োজক সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, বাংলাদেশ হিল উইমেন ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, ঘরে-বাইরে সর্বত্রই নারী নিরাপত্তাহীন। নির্যাতনের ধরনগুলো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু নারী নির্যাতন প্রতিরোধে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, রাষ্ট্রের উসকানি ও মদদে ধর্ষকেরা বেপরোয়া হয়ে উঠেছে। সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের যৌথ এক বিবৃতিতে বলা হয়, পুলিশপ্রধান যৌন নিপীড়নকে দুষ্টুমি বলে চিহ্নিত করে ধর্ষক-যৌন নিপীড়কদের উসকে দিয়েছেন।
ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ, থানা কর্তৃপক্ষের গাফিলতির নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে নারীপক্ষ, মানুষের জন্য ফাউন্ডেশন ও নারী সংহতি।
আজ রোববার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সিপিবির নারী সেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী।