'আর কত বয়স হলে বয়স্ক ভাতা পামো বাহে?'

বয়সের ভারে ন্যুব্জ হরিবালা (৮৫)। লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। শরীরে আগের মতো শক্তি নেই। দিনমজুরের কাজে কেউ তাঁকে ডাকেন না। বাঁশের চাটাই তুলে ও হাতপাখা বিক্রি করে আর ধারদেনা করে কোনো রকমে সংসার চলে। অনাহারে-অর্ধাহারে তাঁদের দিন কাটছে।
হরিবালার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চন্দ্রখানা বজরের খামার গ্রামে। মাত্র দুই শতক জমির ওপর ছোট একটি ছাপরা ঘরে স্ত্রী শান্তি বালাকে নিয়ে তাঁর সংসার। সামান্য যে সম্পদ ছিল, তা বিক্রি করে চারটি মেয়েকে বিয়ে দিয়েছেন। বয়স্ক এ দম্পতি সরকার থেকে কোনো ভাতা পাচ্ছেন না। হরিবালা আক্ষেপ করে বলেন, ইউপি চেয়ারম্যান-মেম্বারের কাছে বয়স্ক ভাতার জন্য কত আকুতি-মিনতি করেছি। ‘ভবিষ্যতে এলে পাবেন’ এই আশ্বাসটুকু ছাড়া আর কিছুই কপালে জোটেনি। তাঁর প্রশ্ন, ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতা পামো বাহে?’
হরিবালার স্ত্রী শান্তি বালা বলেন, ‘আমরা অসহায় ও গরিব মানুষ। আমাদের দেখার জন্য যেন কেউ নেই। চেয়ারম্যান-মেম্বারদের বয়স্ক ভাতার কার্ড পাওয়ার জন্য টাকা দিতে পারি না। তাই হামার কার্ডও হয় না।’
ইউপি সদস্য বিমল চন্দ্রের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হরিবালার বয়স অনুযায়ী তিনি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য। সামনে বরাদ্দ এলে তাঁর বয়স্ক ভাতা করে দেওয়ার চেষ্টা করব।’
সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হারুন Ñঅর রশিদ বলেন, সাবেক চেয়ারম্যানের সময় হরিবালার মতো মানুষ বয়স্ক ভাতা পাননি, সেটি দুঃখজনক। সামনে বরাদ্দ এলে বয়স্ক ভাতার তালিকায় হরিবালার নাম সংযুক্ত করা হবে।