‘আর কতখানি ভাঙলে সরকারের টনক নড়ব্যা!’
যমুনার ভাঙনে গত এক সপ্তাহে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া ও ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা এবং প্রায় ৫০ একর আবাদি জমি বিলীন হয়েছে। প্রতিদিনই ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, জমি ও গাছপালা।হলদিয়ার কানাইপাড়া, বেড়া ও হলদিয়া বাজার এবং ঘুড়িদহের পবনতাইর গ্রাম ভাঙনের হুমকির মুখে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণ এবং নদীতে পানি বাড়ায় ভাঙনের তীব্রতা বেড়ে এ অবস্থা তৈরি হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাইবান্ধা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙতে ভাঙতে যমুনা নদী হলদিয়া বাজারের দিকে ধেয়ে আসছে। বাজার থেকে যমুনার দূরত্ব এখন প্রায় ৫০০ গজ। হলদিয়া বাজারের ব্যবসায়ী জলিল মিয়া বলেন, প্রতিদিন চার-পাঁচ ফুট এলাকা যমুনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বাজারসহ হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কানাইপাড়া দাখিল মাদ্রাসা বিলীন হয়ে যাবে। হলদিয়া গ্রামের কৃষক আবদুর রউফ বলেন, ‘ওই খানে হামারঘরে বাড়ি আচিল। একন পানি আর পানি। পোত্তেক দিন নদী ভাঙে, বাড়িঘর সোরে (সরিয়ে) নিয়া যাই। কিন্তু ভাঙন হামার ঘরে পিচু ছাড়ে না। ভাঙতে ভাঙতে হামার ঘরোক শ্যাষ করি ফ্যালাচে। কাউয়ো দ্যাখে না।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আর কতখানি ভাঙলে সরকারের টনক নড়ব্যা!’একই গ্রামের কৃষক জাকির হোসেন (৪৫) বলেন, ‘হামারগেরে ১০ বিগা জমির মদ্দে নয় বিগা নদীত গেচে। আর ২০ গজ ভাঙি গ্যালে হামারগেরে বাড়িঘর নদীত চলি য্যাবে। তা-ও সরকার ভাঙন ঠেকপ্যার নাগচে না।’হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘ভাঙন অব্যাহত থাকলে অল্প কিছুদিনের মধ্যে গোটা হলদিয়া ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে যাবে। স্বাধীনতার পর ভাঙন রোধে পাউবো আমার ইউনিয়নে এক টাকার কাজও করেনি। অথচ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না।’ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামের সংস্কৃতিকর্মী জাকিরুল ইসলাম বলেন, সাঘাটা সদর ইউনিয়নে ভাঙন রোধে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলার কাজ চলছে। কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত চিনিরপটল ও হলদিয়া গ্রামে কোনো কাজ শুরু হয়নি।পাউবো গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, সাঘাটায় নদীর ভাঙন রোধে ১৪০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে বরাদ্দ পাওয়া গেছে মাত্র দুই কোটি টাকা, যা দিয়ে জিও ব্যাগ স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্য ইউনিয়নেও কাজ করা হবে।