‘আর কোনো দিন নির্বাচন করব না’
‘আমি আর কোনো দিন নির্বাচন করব না। রাজনীতি আমার ব্যবসা নয়। বাকি সময়টুকু দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করে যাব। অসত্য, অমঙ্গল ও অসুন্দরের বিরুদ্ধে কাজ করে যাব। প্রীতি-ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকব; যে ভালোবাসার কাছে পরাজিত হবে হাইড্রোজেন বোমা।’বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গতকাল শুক্রবার এসব কথা বলেছেন। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হবে পাট। পাট এখন আর কৃষকের গলার ফাঁস নয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত, ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক লায়ন এ আউয়াল আহমেদ প্রমুখ। আলোচনা ছাড়াও শতবর্ষ পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পর্বেই সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম খান।