‘আর কোনো নারীর স্বপ্ন যেন ভেঙে না যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সব স্বপ্ন ভেঙে দিল এসিডের যন্ত্রণা। সেই যন্ত্রণায় এখনো কাতরাচ্ছি। ঘটনার পর থেকে প্রায়ই ঢাকায় চিকিৎসা নিতে হচ্ছে। আমার যা হওয়ার হয়েছে। কিন্তু এসিড নিক্ষেপকারীর এমন শাস্তি দেওয়া হোক, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার মতো আর কোনো নারীর স্বপ্ন যেন ভেঙে না যায়।’গত সোমবার আদালতে মামলার খোঁজ নিতে এসে গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের এসিডদগ্ধ রাধা রানী (১৭) এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জঘন্য অপরাধ করেও অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা দেখে তাঁর ভীষণ কষ্ট হয়। শুধু তাই নয়, মামলা তুলে নেওয়ার জন্যও তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।ওই দিন একই উদ্দেশ্যে আদালতে আসা পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের এসিডদগ্ধ মঞ্জুয়ারা বেগম (২৪) বলেন, ‘ছয় বছর ধরে এসিডের অসহ্য যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। এমনিতেই দিন এনে দিন খাওয়া। তার ওপর আদালতে আসা-যাওয়ার খরচ চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে।’ এসিডদগ্ধ দুই নারীর মামলা পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৭ সালের ৬ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে খালেক মিয়া প্রেমের প্রস্তাবে প্রত্যাখাত হয়ে রাধা রানীকে (১৭) এসিড নিক্ষেপ করেন। এতে তাঁর মুখমণ্ডল, বুক ও ঘাড় পুড়ে যায়। এ নিয়ে রাধার মা স্নেহলতা মোদক গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। ২০০৫ সালের ২৫ মে রাতে পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের ফুল মিয়া ও তাঁর সহযোগীরা গরু বেচাকেনাকে কেন্দ্র করে একই গ্রামের মঞ্জুয়ারা বেগমকে (২৪) এসিড নিক্ষেপ করে। এতে তাঁর গলা ও বুকের একাংশ ঝলসে যায়। মঞ্জুয়ারার স্বামী আবদুল মজিদ ফুল মিয়াসহ তিনজনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা করেন। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের পক্ষ থেকে এ দুই নারীকে পুনর্বাসন করা হয়েছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট থেকে মামলা দুটি পরিচালনাও করা হচ্ছে।