‘আর কোনো সনি যেন ঝরে না পড়ে’
বুয়েটের ছাত্রী সনি হত্যা মামলায় হাইকোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামি এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সনির বাবা হাবিবুর রহমান ভুঁইয়ার এখন চাওয়া—‘আর কোনো সনি যেন ঝরে না পড়ে।’২০০২ সালের ৮ জুন টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সন্ত্রাসীদের গোলাগুলিতে দ্বিতীয় বর্ষের ছাত্রী সনি মারা যান। আজ মঙ্গলবার তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এস এম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেন হাইকোর্ট।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোকাম্মেল হায়াত খান মুকি, নুরুল ইসলাম সাগর ওরফে শুটার নুরু এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। অপর আসামিরা এখন কারাগারে রয়েছেন। হাইকোর্টে রায় ঘোষণার দুই বছর পর আসামি পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখেন।কর্মসূচি: সনির ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন দিবস শীর্ষক আলোচনা স্মরণসভার আয়োজন করেছে বুয়েট কর্তৃপক্ষ।