‘আর চুরি করব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে প্রায়ই ল্যাপটপ, মুঠোফোনসহ নানা সামগ্রী চুরি করে বাসায় নিয়ে আসতেন। ছেলেকে এ অপরাধ থেকে বিরত রাখার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন মা। কিন্তু শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে অবশেষে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। ঘটনাটি ঘটেছে গত রোববার পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বেতমোর গ্রামের মো. ইমন (২৩) প্রায়ই নানা ধরনের মালামাল বাসায় নিয়ে আসতেন। ইমনের মা বলেন, ‘যখন জেনেছি ইমন চুরি করে, তখন ওকে এ খারাপ কাজ থেকে ফেরাতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ছেলেকে ভালো পথে আনার জন্য শেষ পর্যন্ত পুলিশে ধরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’ পুলিশি হেফাজতে ইমন বলেন, ‘আমি ভুল করেছি। এরপর আর চুরি করব না।’ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, ইমনের বাসা থেকে একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা ও ছয়টি মুঠোফোনসহ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়। গতকাল সোমবার ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।