তামাক চাষ বন্ধের দাবিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জিদ্দা বাজার থেকে মানিকপুর পর্যন্ত ১৯ কিলোমিটার দীর্ঘ সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষকেরা বলেন, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাস শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার কমে যায়। এ সময় শিশুরা পরিবারের সদস্যের সঙ্গে তামাক চাষে ঝুঁকে পড়ে। পরীক্ষার ফলে এর প্রভাব পড়ে। তাই ক্ষতিকর তামাক চাষের বিরুদ্ধে অভিভাবকদের সচেতন করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা তামাক ও তামাক চাষের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এসব পোস্টার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আর নয় তামাক চাষ, সুস্থ থাকব বারো মাস’, ‘তামাককে না বলুন’, ‘আমরা তামাকমুক্ত পরিবেশে বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন’, ‘শিশুশ্রম বন্ধ করব, তামাককে না বলব’, ‘গাছপালা কাটব না, তামাক চাষ করব না’, ‘আর করব না তামাক চাষ, আর হবে না জীবন নাশ’, ‘তামাক চাষ বর্জন করুন’, ‘তামাক চাষে পরিবেশের ক্ষতি হয়’।
কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী উম্মে রুবাইয়া বলে, ‘গত বছর বাবার সঙ্গে তামাক পাতা পোড়াতে গিয়ে হাতে ফোসকা পড়েছে। চিকিৎসায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এলাকার মানুষকে তামাক চাষে নিরুৎসাহিত করতে বাবার সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছি।’
মানববন্ধনে অংশ নেয় শাহ ওমরাবাদ উচ্চবিদ্যালয়, সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাকারা মডেল উচ্চবিদ্যালয়, মাইজ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকারা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্লোল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্যারচর চাইল্ড মডার্ন স্কুল, সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরাজপুর পাবলিক উচ্চবিদ্যালয়, সুরাজপুর দাখিল মাদ্রাসা, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম আয়েশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিড্স কেয়ার গ্রামার স্কুল, মানিকপুর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকপুর উচ্চবিদ্যালয়।
শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও যোগ দেন। এ সময় বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব উল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদ আলম চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক, কাকারা ইউপির চেয়ারম্যান শওকত ওসমান ও শাহ ওমরাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
ইউএনও সাহেদুল ইসলাম বলেন, ‘তামাক চাষের কারণে শিক্ষার্থীসহ এলাকার লোকজন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। ফসলের উৎপাদন কমছে। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের সচেতনতামূলক সাধুবাদ যোগ্য।’
ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, তামাক কোম্পানিগুলো চলতি বছর তামাক চাষ করতে এলাকার ঘরে ঘরে গিয়ে মানুষকে উৎসাহিত করছে। চাষের জন্য অগ্রিম টাকা দিচ্ছে। লোভে পড়ে অনেকে তামাক চাষে ঝুঁকে পড়ছেন। তামাক কোম্পানিগুলোর এ অপতৎপরতা বন্ধ হওয়া দরকার। এ জন্য প্রশাসনকে তদারকি বাড়ানোর অনুরোধ করেন তিনি।